মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
ব্রেকিং
অপরাধ

পাহাড়পুরে বিদেশি পর্যটককে হেনস্তা, কনটেন্ট ক্রিয়েটর গ্রেপ্তার

নওগাঁর পাহাড়পুরে চীনা পর্যটককে হেনস্তার অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর ‘হিরো নানা’ গ্রেপ্তার।

পাহাড়পুরে বিদেশি পর্যটককে হেনস্তা, কনটেন্ট ক্রিয়েটর গ্রেপ্তার

নওগাঁর ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধবিহারে চীনের এক পর্যটককে হেনস্তার অভিযোগে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ‘হিরো নানা’কে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার বিকেলে পুলিশ সুপার নওগাঁর নির্দেশনায় টুরিস্ট পুলিশ ও নওগাঁ জেলা পুলিশের যৌথ অভিযানে পাহাড়পুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানিয়েছে, ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যবাহী স্থান পাহাড়পুর বৌদ্ধবিহার পরিদর্শনে আসা এক বিদেশি নাগরিককে হেনস্তার অভিযোগ ওঠে। অভিযোগ পাওয়ার পরপরই নওগাঁ জেলা পুলিশ ও টুরিস্ট পুলিশ যৌথভাবে অভিযান পরিচালনা করে এবং তাকে আটক করা হয়।

একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ঘটনাটি প্রকাশ্যে আসে, যেখানে দেখা যায় বিদেশি নাগরিকের হাত ধরে টানাটানি করা হচ্ছে। এ বিষয়ে পাহাড়পুর বৌদ্ধ বিহারের কাস্টডিয়ান মো. ফজলুল করিম আরজু পুলিশে অভিযোগ করেন। তিনি বলেন, “ভিডিওটি দেখে আমি পুলিশকে জানাই এবং পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে ‘হিরো নানা’কে গ্রেপ্তার করেছে।”

কাস্টডিয়ান মো. ফজলুল করিম আরজু জানান, গত ১৯ মে বিদেশি পর্যটককে হেনস্তা করা হয়। নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, “ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধবিহার বাংলাদেশের ইতিহাস-ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। এখানে বিদেশি পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের দায়িত্ব।”

বদলগাছী থানার ওসি মুহাম্মদ রুহুল আমিন জানান, অভিযুক্ত কনটেন্ট ক্রিয়েটার ‘হিরো নানা’, তার সহযোগী এক নারী ও ক্যামেরাম্যানের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

বিজ্ঞাপন