সোমবার, ২২ জুন, ২০২৬
ব্রেকিং
অপরাধ

রাজশাহীতে ৯৯৯–এ ফোনে গুলিবিদ্ধ ফয়সাল উদ্ধার, অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার

রাজশাহীতে ৯৯৯ নম্বরে ফোন করে গুলিবিদ্ধ ফয়সালকে উদ্ধার করেছে পুলিশ, উদ্ধার হয়েছে অস্ত্র ও বিস্ফোরক।

রাজশাহীতে ৯৯৯–এ ফোনে গুলিবিদ্ধ ফয়সাল উদ্ধার, অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার

রাজশাহীতে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯–এ ফোন করে সাহায্য চাওয়ার পর গুলিবিদ্ধ এক ব্যক্তিকে উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার অভিযানে ঘটনাস্থল থেকে আমেরিকায় তৈরি একটি পিস্তল, গুলি, ম্যাগাজিন, ফায়ার্ড কার্তুজের খোসা, গান-পাউডার, চাকু, বিস্ফোরক তৈরির উপাদান ও হ্যান্ড গ্রেনেডসহ ২১ ধরনের আলামত উদ্ধার করা হয়েছে।

পুলিশের তথ্য অনুযায়ী, গতকাল রোববার ৯৯৯ নম্বরে এক ব্যক্তি ফোন করে জানান, তিনি গুলিবিদ্ধ হয়েছেন এবং তাকে গুলি করে বাসার ভেতরে তালা মেরে রাখা হয়েছে। ওই ব্যক্তি নিজের নাম ফয়সাল এবং রাজশাহী নগরীর শাহ মখদুম থানাধীন ছায়ানীড় আবাসিক এলাকার একটি বাড়িতে অবস্থানের কথা জানান।

কলটি রিসিভ করেন কনস্টেবল সাখাওয়াত। পরে শাহ মখদুম থানার এসআই মমতাজউদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে ছায়ানীড় আবাসিকের ৩৪/১ নম্বর বাসার পাঁচতলায় যান। সেখানে তারা দেখতে পান, রাজশাহী নগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মীর মোহাম্মদ তারেক খালেদসহ আরও কয়েকজন ফয়সালকে উদ্ধার করার চেষ্টা করছেন।

পুলিশ সদস্যরা তাদের সহায়তায় ফয়সালকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। উদ্ধার অভিযানে বিছানার ওপর একটি পিস্তল, ম্যাগাজিন ও গুলির খোসা পাওয়া যায়। পরে শাহ মখদুম থানার ওসি ঘটনাস্থলে সিআইডির ফরেনসিক টিমকে খবর দেন।

ফরেনসিক টিম ঘটনাস্থলে গিয়ে ৭ দশমিক ৬৫ ক্যালিবারের পিস্তল, দুটি খালি ম্যাগাজিন, একটি তাজা কার্তুজ, গান-পাউডার, চাকু, বিস্ফোরক তৈরির উপাদান এবং হ্যান্ড গ্রেনেডসহ মোট ২১ ধরনের আলামত উদ্ধার করে। উদ্ধার হওয়া ব্যক্তি ফয়সাল ইবনে সেলিম শেখ (৩৫) রাজশাহীর সাহেববাজার এলাকার মো. সেলিম শেখের ছেলে।

এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে জাতীয় জরুরি সেবা ৯৯৯।

বিজ্ঞাপন