সোমবার, ২২ জুন, ২০২৬
ব্রেকিং
অপরাধ

কুমিল্লায় ড্রেনে পড়ে শিশুর মৃত্যু, এলাকায় ক্ষোভ

কুমিল্লায় ড্রেনে পড়ে এক শিশুর মৃত্যু, এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে।

কুমিল্লায় ড্রেনে পড়ে শিশুর মৃত্যু, এলাকায় ক্ষোভ

কুমিল্লা নগরীর ছোটরা পশ্চিমপাড়া ঈদগাহ এলাকায় ড্রেনে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার রাতে ভারী বর্ষণের পর শহরজুড়ে জলাবদ্ধতা দেখা দিলে এই দুর্ঘটনা ঘটে। মৃত শিশুর নাম স্মৃতি, সে লাকসাম উপজেলার বেতিহাটি গ্রামের মো. বিল্লাল হোসেনের মেয়ে। স্মৃতি নগরীর বদরপুর আদর্শ প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয়রা জানান, রোববার রাত ৯টার দিকে বৃষ্টির কারণে জলাবদ্ধ সড়কের ভাঙা স্ল্যাবের ফাঁক দিয়ে ড্রেনের পানিতে পড়ে যায় ৮-১০ বছর বয়সী ওই শিশু। এসময় স্মৃতির মা কোহিনূর আক্তার মেয়ের পাশে থেকেও তাকে উদ্ধার করতে পারেননি।

কোহিনূর আক্তার বলেন, “মামার বিয়ের অনুষ্ঠানে নানাবাড়ি কুমিল্লা নগরীর ২ নম্বর ওয়ার্ড ছোটরা মফিজাবাদ কলোনিতে গিয়েছিল স্মৃতি। তাকে নিয়ে বদরপুর এলাকায় বাসায় ফিরছিলাম। রাস্তায় জলাবদ্ধতায় রিকশা না পেয়ে ফুটপাত ধরে হাঁটছিলাম। হঠাৎ মেয়ের হাত থেকে পড়ে যায় ড্রেনে।”

স্থানীয়রা জানান, প্রায় ৩০-৪০ ফুট দূরে ড্রেনের ভেতর থেকে ২০ মিনিট পর স্মৃতিকে উদ্ধার করা হয়। স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কোহিনূর আরও বলেন, “ড্রেনের ওপর স্ল্যাব থাকে না কীভাবে? আমি জানতে চাই। স্ল্যাবের ওপর তো গাড়ি চলে না যে ভেঙে যাবে। আজকে আমার মেয়ে হারিয়েছে, কাল যে আর কারো সন্তান হারাবে না, এই নিশ্চয়তা কে দিবে?”

দুর্ঘটনা স্থলের আশেপাশে বাসিন্দারা জানান, স্ল্যাবগুলো না থাকায় ফুটপাতে প্রায়ই দুর্ঘটনা ঘটে। বৃষ্টি হলে গর্ত বা ম্যানহোল কিছুই দেখা যায় না। একটি শিশুর প্রাণ ঝরল অপরিকল্পিত ড্রেনেজ সিস্টেমের কারণে।

নগরীর ২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর বিল্লাল হোসেন বলেন, “অনেক আগে থেকেই ড্রেনটি খোলা অবস্থায় ছিল। খবর পাওয়া মাত্রই আমরা ঘটনাস্থলে চলে এসেছি। সিটি প্রশাসক ইউসুফ মোল্লা টিপু স্মৃতির বাবা-মায়ের সঙ্গে কথা বলেছেন।”

কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বলেন, “আমরা ঘটনাটির খোঁজ-খবর নিয়েছি। এটি একটি দুর্ঘটনা।”

বিজ্ঞাপন