নরসিংদীর মনোহরদীতে অযু করার সময় বজ্রপাতে তিন ছাত্র নিহত হয়েছে। রোববার সন্ধ্যায় পাঁচকান্দি মদিনাতুল উলুম মাদরাসায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন জহিরুল হক (১৫), আবু রায়হান (১৪) ও আবু জাফর (১৫)। আহত হয়েছে একজন।
মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর বাদশা জানান, মাগরিবের নামাজের আগে মাদরাসায় অযু করার সময় বজ্রপাতে আহত চার ছাত্রকে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়, যেখানে তিনজনকে মৃত ঘোষণা করা হয়।
ঢাকার সাভারে কৃষি জমিতে কাজ করার সময় বজ্রপাতে তিনজন নিহত হয়েছে। নিহতদের মধ্যে দ্বীন ইসলাম (৪৫) ও দুলাল (৬০) রয়েছেন। অপর একজনের পরিচয় নিশ্চিত হয়নি। পুলিশ জানায়, সাভার উপজেলার বনগাঁও ইউনিয়নের কোন্ডা এলাকায় কাজ করার সময় বজ্রপাতের শিকার হন তারা।
মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জামির্ত্তা ইউনিয়নের কাঞ্চননগর এলাকায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন কবির হোসেন (৩০) ও শহিদুল ইসলাম (২৫)। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নেত্রকোণার বারহাট্রায় বজ্রপাতে নিহত হয়েছেন কৃষক জাহাঙ্গীর তালুকদার (৩৫)। তিনি গরু নিয়ে বাড়ি ফেরার সময় বজ্রপাতে গুরুতর আহত হন।
জামালপুরের মাদারগঞ্জে বজ্রপাতে মুসা ফকির (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। তিনি গরুর জন্য ঘাস কাটতে গিয়ে এই দুর্ঘটনার শিকার হন। স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসক মৃত ঘোষণা করেন।