সোমবার, ২২ জুন, ২০২৬
ব্রেকিং
জাতীয়

বজ্রপাতে মাদরাসার তিন শিক্ষার্থীসহ ৮ জনের মৃত্যু

বজ্রপাতে নরসিংদীর মাদরাসার তিন শিক্ষার্থীসহ আটজনের মৃত্যু হয়েছে।

বজ্রপাতে মাদরাসার তিন শিক্ষার্থীসহ ৮ জনের মৃত্যু

নরসিংদীর মনোহরদীতে অযু করার সময় বজ্রপাতে তিন শিক্ষার্থীসহ মোট আটজন নিহত হয়েছেন। রবিবার সন্ধ্যায় উপজেলার পাঁচকান্দি মদিনাতুল উলুম মাদরাসায় এ ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থীরা হলেন জহিরুল হক (১৫), আবু রায়হান (১৪) ও আবু জাফর (১৫)। তাদের বাড়ি কিশোরগঞ্জের হোসেনপুরে। মাদরাসায় অযু করার সময় বজ্রপাতের ফলে চার ছাত্র আহত হন। আহতদের উদ্ধার করে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। একজনের চিকিৎসা চলছে।

এদিকে, ঢাকার সাভারে কৃষি জমিতে কাজ করার সময় বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে দ্বীন ইসলাম (৪৫) ও দুলাল (৬০) রয়েছে। অপর একজনের পরিচয় এখনও নিশ্চিত করা হয়নি। সাভার মডেল থানার পুলিশ জানায়, নিহতরা কৃষি জমিতে কাজ করছিলেন, সেই সময় বজ্রপাতের ঘটনা ঘটে।

নেত্রকোণার বারহাট্রা ইউনিয়নের বড়গাও গ্রামে বজ্রপাতে নিহত হয়েছেন কৃষক জাহাঙ্গীর তালুকদার (৩৫)। তিনি গরু নিয়ে বাড়ি ফিরছিলেন। বজ্রসহ বৃষ্টির কারণে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান।

জামালপুরের মাদারগঞ্জে গরুর জন্য ঘাস কাটার সময় বজ্রপাতে মৃত্যু হয়েছে মুসা ফকির (৬০) নামে এক বৃদ্ধের। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন