মাগুরা সদর উপজেলার জগদল ইউনিয়নের মাঝিপাড়া এলাকায় একটি বন্যপ্রাণীকে ঘিরে আতঙ্ক বিরাজ করছে। শনিবার রাত ১১টার দিকে গ্রামের পাকা সড়কের পাশে ঝোপঝাড়ে একটি মেছো বাঘ দেখা যাওয়ার পর থেকে এলাকাবাসীর মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
স্থানীয় যুবক ইসরাফিল হোসেন জানান, তিনি রাতে বাজার থেকে বাড়ি ফেরার পথে রাস্তার পাশের ঝোপঝাড় থেকে একটি বন্যপ্রাণী তার সামনে চলে আসে। তিনি আতঙ্কিত হয়ে পড়েন, তবে সাহস করে মোবাইল ফোনে একটি ভিডিও ধারণ করেন যা প্রায় ৭ সেকেন্ডের। পরে তিনি স্থানীয় বাজারে গিয়ে বিষয়টি জানালে, প্রথমে অনেকেই বিশ্বাস করেননি। কিন্তু ভিডিও ফুটেজ দেখে ঘটনাটি নিয়ে এলাকায় আলোচনা শুরু হয়।
এদিকে, প্রাণীটিকে খুঁজতে বের হলেও রাতের অন্ধকারে সেটির সন্ধান পাওয়া যায়নি। এলাকাবাসীর মধ্যে নানা জল্পনা-কল্পনা চলছে; কেউ এটিকে চিতা বাঘ, আবার কেউ মেছো বাঘ বলে দাবি করছেন। স্কুল-কলেজগামী শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে, কারণ প্রাণীটি যে স্থানে দেখা গেছে, তার আশপাশে বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে।
ইসরাফিলের চাচা ইদ্রিস আলী বলেন, ‘প্রথমে আমাদের বিশ্বাস হয়নি, কিন্তু ভিডিও দেখানোর পর আমরা দৌড়ে গিয়ে প্রাণীটিকে দেখতে পাই। চেষ্টা করেও ধরতে পারিনি। আমরা আতঙ্কে রয়েছি।’ তিনি আরও জানান, ওই রাতে পাশের একজনের বাড়ি থেকে চারটি মুরগি নিখোঁজ হয়েছে, ধারণা করা হচ্ছে প্রাণীটি সেগুলো ধরে খেয়ে ফেলেছে।
জেলা বন বিভাগের কর্মকর্তা তপেনন্দ্রনাথ ঠাকুর ভিডিওটি পর্যালোচনা করে জানান, এটি একটি মেছো বাঘ হিসেবে শনাক্ত করা হয়েছে। তিনি বলেন, ‘মেছো বাঘ বাংলাদেশের বিভিন্ন গ্রামীণ এলাকায় এখনও দেখা যায়। সাধারণত ঝোপঝাড়, জলাশয় ও পুকুরপাড়ে এদের বসবাস।’
বন বিভাগের পক্ষ থেকে বলা হয়েছে, আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। প্রাণীটিকে উত্ত্যক্ত না করে সবাইকে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে এবং এই বিরল বন্যপ্রাণী সংরক্ষণে স্থানীয়দের সহযোগিতা কামনা করা হয়েছে।