চুয়াডাঙ্গা জেলার পাটক্ষেতগুলোতে ব্যাপক হারে পোকার আক্রমণ দেখা দিয়েছে, যা কৃষকদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। কৃষকরা জানান, কীটনাশক প্রয়োগ করেও পোকা দমন করতে পারছেন না। ফলে উৎপাদন খরচ বাড়ছে এবং ফলন নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।
জেলার বিভিন্ন এলাকার প্রায় সব পাটক্ষেতেই পোকা আক্রমণ করছে, বিশেষ করে কচি পাতা খেয়ে ফেলছে এই পোকাগুলি। কৃষকরা অতিরিক্ত কীটনাশক প্রয়োগ করতে বাধ্য হচ্ছেন, কিন্তু তাতেও কোনো ফল হচ্ছে না। কৃষকদের অভিযোগ, এই পরিস্থিতি তাদের জন্য আর্থিক চাপ সৃষ্টি করছে।
চাষাবাদের তথ্য অনুযায়ী, এ বছর জেলায় ৯ হাজার ১৩৫ হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে, যা লক্ষ্যমাত্রার চেয়ে বেশি। কৃষি বিভাগের কর্মকর্তারা জানান, আগাম চাষ করা ক্ষেতে পোকার আক্রমণ তুলনামূলকভাবে কম।
চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক কৃষ্ণ রায় বলেন, ‘জেলায় পাটের আবাদ কিছুটা বেশি হয়েছে এবং ইতিমধ্যেই পাটগাছ বেড়ে উঠেছে। তবে, প্রায় সব গ্রামের পাট ক্ষেতেই পোকা আক্রমণ দেখা দিয়েছে।’
এদিকে, কৃষকরা সরকারের কাছে জরুরি ভিত্তিতে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছেন, যাতে পোকার উপদ্রপ কমানো সম্ভব হয়।