রবিবার, ২১ জুন, ২০২৬
ব্রেকিং
জাতীয়

রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়া ও চীন সফরের উদ্দেশে ঢাকা ছাড়লেন।

রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

সরকার গঠনের পর মালয়েশিয়া ও চীন সফরের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (২১ জুন) দুপুর ২টা ৪৫ মিনিটের বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা ছেড়েছেন তিনি।

সফরসঙ্গী হিসেবে রয়েছেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। এছাড়া সফরে অংশ নিচ্ছেন সরকারের মন্ত্রিপরিষদের কয়েকজন সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টা এবং সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা ও ব্যক্তিগত কর্মকর্তাবৃন্দ।

প্রধানমন্ত্রী তারেক রহমান সন্ধ্যায় কুয়ালালামপুর পৌঁছাবেন এবং পরদিন, ২২ জুন, দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সাথে আনুষ্ঠানিক বৈঠক করবেন। বৈঠকে শ্রমবাজার খোলা, আসিয়ান-এর সদস্যপদ প্রাপ্তি ও মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা হবে।

এছাড়া সংস্কৃতি বিনিময়সহ কয়েকটি চুক্তির সই হওয়ার সম্ভাবনা রয়েছে। ২৩ জুন মালয়েশিয়া থেকে সরাসরি চীনের দালিয়ানে ‘ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম’-এর অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী।

এ সময় বেশ কয়েকজন বিশ্বনেতার সাথে তার বৈঠক হতে পারে। ২৫ জুন চীনের প্রধানমন্ত্রীর সাথে দ্বিপাক্ষিক বৈঠক করবেন তিনি, যেখানে ১৩টি সমঝোতা স্মারক ও ৪টি চুক্তি সই হওয়ার কথা রয়েছে। সফর শেষে ২৬ জুন রাতে দেশে ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বিজ্ঞাপন