পূর্ব সুন্দরবনে মাত্র দুই দিনের ব্যবধানে আবারও রয়েল বেঙ্গল টাইগারের দেখা মিলেছে। গতকাল রোববার সকালে শরণখোলা রেঞ্জের কচিখালী অভয়ারণ্য কেন্দ্রের টাইগার পয়েন্টের নদীতে সাঁতার কাটতে দেখা যায় বাঘটিকে।
বনরক্ষীদের টহল বোটের সামনেই নদী সাঁতরে যায় বাঘটি। বন বিভাগের বোটচালক সাইফুর রহমান এই মুহূর্তটি মোবাইল ফোনে ধারণ করেন এবং পরে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
এর আগে ২৪ জুলাই সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের আন্ধারমানিক ইকো-ট্যুরিজম কেন্দ্র ও বন বিভাগের কার্যালয়ের সামনে একটি বাঘিনিকে দেখা যায়। সেটি কিছুক্ষণ দাঁড়িয়ে চারপাশ পর্যবেক্ষণ করে ধীর পায়ে গভীর অরণ্যে চলে যায়।
গত ১ জুন থেকে সুন্দরবনে তিন মাস বনজীবী, পর্যটকসহ সাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা চলছে। বন কর্মকর্তাদের মতে, এই নিষেধাজ্ঞার ফলে কোলাহলমুক্ত সুন্দরবনে বাঘ ও অন্যান্য বন্যপ্রাণী নির্ভয়ে বনের সর্বত্র বিচরণের সুযোগ পেয়েছে।