প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে পৌঁছেছেন তারেক রহমান।
স্থানীয় সময় রোববার রাত পৌনে ৯টায় কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় সরকারপ্রধানকে বহনকারী বিমান বাংলাদেশের বিশেষ ফ্লাইট। বিমানবন্দরের ভিআইপি টার্মিনাল বুঙ্গা রায়া কমপ্লেক্সে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমানকে স্বাগত জানান মালয়েশিয়ার ধর্মমন্ত্রী জুলকিফলি হাসান ও তাঁর স্ত্রী হানানি হারুন।
বাংলাদেশের হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরীও এ সময় উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী তারেক রহমান দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইট বিজি-৩৮৬-এ মালয়েশিয়ার উদ্দেশে রওনা হন।
সফরসঙ্গী হিসেবে রয়েছেন স্ত্রী ডা. জুবাইদা রহমানসহ ২৩ জন। প্রধানমন্ত্রী হিসেবে গত ১৭ ফেব্রুয়ারি দায়িত্ব গ্রহণের চার মাস পর তারেক রহমান প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া গেলেন।
মালয়েশিয়ায় দুই দিনের সফর শেষে প্রধানমন্ত্রী চীন সফরে যাবেন।