সরকার আগামী গ্রীষ্মের আগেই জাতীয় গ্রিডে ৩ থেকে ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ যোগ করার পরিকল্পনা করেছে। এই লক্ষ্যে ১ হাজার ৫০০ কোটি টাকার তহবিল বরাদ্দ করা হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান আজ মঙ্গলবার সকালে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সোলার এক্সপো উদ্বোধন অনুষ্ঠানে এই তথ্য জানান। তিনি বলেন, সৌরবিদ্যুৎ সম্প্রসারণে উন্নয়ন সহযোগী ও জনগণের একসাথে কাজ করার গুরুত্ব রয়েছে।
প্রধানমন্ত্রী আরও জানান, বিদ্যুৎ খাতে পূর্ববর্তী সরকারের আমলে আমদানীনির্ভরতা তৈরি হয়েছে এবং বর্তমান সরকার বিকল্প সমাধানের পথ খুঁজছে। বৈশ্বিক অস্থিরতার প্রেক্ষাপটে সৌরবিদ্যুৎ একটি কার্যকর বিকল্প হিসেবে বিবেচিত হচ্ছে।
তিনি বলেন, এই খাতের উন্নয়নে ইতোমধ্যে ৬ হাজার কোটি টাকা আলাদা ভাবে বরাদ্দ দেওয়া হয়েছে। এক বছরের মধ্যে বরেন্দ্র এলাকায় ১৭ হাজার পাম্প সৌরবিদ্যুতে রূপান্তর করা হবে বলেও জানান তিনি।
প্রধানমন্ত্রী প্রবাসীদের সৌরবিদ্যুৎ খাতে বিনিয়োগের আহ্বান জানান এবং বিদ্যুতের অপচয় রোধের ওপর গুরুত্বারোপ করেন।