গাইবান্ধার সাঘাটায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন নিয়ে দ্বন্দ্বে ছাত্রশিবির নেতা সাইফুল্লাহ বারী (২২) নিহত হয়েছেন। রোববার (২১ জুন) দুপুর ৩টার দিকে উপজেলার বোনারপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। আহত হয়েছেন আরও একজন শিবির কর্মী সালাহউদ্দিন।
সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, নিহত সাইফুল্লাহ বোনারপাড়া ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি ছিলেন। হামলায় আহত সালাহউদ্দিন বর্তমানে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশের সূত্রে জানা যায়, কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন উপলক্ষে গত ১৬ জুন মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল। ওইদিন স্থানীয় মাসুম কামাল মনোনয়নপত্র জমা দিতে গেলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুল্লাহ তাকে জানান, প্রশাসনিক কর্মকর্তা হিসেবে কর্মরত থাকার কারণে অনুমতিপত্র প্রয়োজন।
এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। পরে প্রধান শিক্ষক হাবিবুল্লাহ জানান, রোববার শিক্ষা অফিস থেকে ফেরার পথে বোনারপাড়ার একটি চায়ের দোকানে কয়েকজন তার ভাতিজাকে গালিগালাজ করেন। প্রতিবাদ জানালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং ধারালো অস্ত্র নিয়ে হামলা চালানো হয়।
এ ঘটনায় আহতদের স্থানীয়রা গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সাইফুল্লাহ বারীকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর সন্ধ্যায় অভিযুক্ত মোখলেছুর রহমান মুকুলের বাড়িতে বিক্ষুব্ধ জনতা আগুন দেয়। ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
ওসি মাহবুবুর রহমান জানান, ঘটনার পরপরই পুলিশ তদন্ত শুরু করেছে এবং আশরাফ নামে একজনকে আটক করা হয়েছে। অন্যান্য অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চলছে এবং আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া অব্যাহত রয়েছে।