চট্টগ্রামের রাউজান এলাকায় যুবদল নেতা মাসুদ হত্যায় অংশ নেওয়া মোহাম্মদ আইয়ুব (৪৫) নামের একজনকে গ্রেপ্তার করেছে র্যাব। রাঙামাটির দুর্গম দূরছড়ি থেকে রোববার ভোরে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।
র্যাব-৭ চট্টগ্রামের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আইয়ুব মামলার ৯ নম্বর এজাহার নামীয় আসামি এবং ঘটনার দিন কিলিং মিশনে অংশ নিয়েছিলেন।
আইয়ুব ঘটনার পর গা ঢাকা দিয়ে রাঙামাটির দুর্গম পাড়ায় আশ্রয় নেন। আজ ভোর থেকে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে চট্টগ্রামে নিয়ে আসা হচ্ছে।
র্যাবের দাবি, গ্রেপ্তার আইয়ুব চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী রায়হান আলম গ্রুপের সদস্য। মাসুদ হত্যার ঘটনা ঘটে ১৩ জুন, যখন রাউজানের পাহাড়তলী চৌমুহনী বাজারে একটি ওষুধের দোকানের সামনে গুলি করে তাঁকে হত্যা করা হয়।
এই ঘটনায় মাসুদ এর বড় ভাই বাদী হয়ে ১৯ জনকে আসামি করে রাউজান থানায় হত্যা মামলা দায়ের করেন। এখন পর্যন্ত এ মামলায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।