আখাউড়ায় রেললাইনের পাশ থেকে একটি অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। রোববার (২১ জুন) সকালে পৌর শহরের দেবগ্রাম এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
আখাউড়া রেলওয়ে থানা পুলিশ জানায়, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। উদ্ধারকৃত মরদেহটি লুঙ্গি ও শার্ট পরিহিত এবং এর গায়ে পচন ধরেছে বলে জানা গেছে।
প্রাথমিক সুরতহাল সম্পন্ন করার পর মরদেহটি ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস কুদ্দুস বলেন, অজ্ঞাত পরিচয়ের মরদেহের বয়স চল্লিশোর্ধ্ব হতে পারে। তিনি ধারণা করছেন, মরদেহটি হয়তো কোনো চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে মারা গেছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট আসার পর ঘটনার সঠিক কারণ জানা যাবে।