রবিবার, ২১ জুন, ২০২৬
ব্রেকিং
অপরাধ

দিল্লিতে শিশু পাচার চক্রের ধরপাকড়, ৫টি নবজাতক উদ্ধার

দিল্লিতে শিশু পাচারকারী চক্রের বিরুদ্ধে অভিযান, ৫টি নবজাতক উদ্ধার।

দিল্লিতে শিশু পাচার চক্রের ধরপাকড়, ৫টি নবজাতক উদ্ধার

ভারতের রাজধানী দিল্লিতে শিশু পাচারকারী একটি চক্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। চক্রটি নিঃসন্তান দম্পতিদের কাছে ৩ থেকে ৮ লাখ রুপির বিনিময়ে শিশু বিক্রি করত। পুলিশ জানায়, চক্রটি দরিদ্র মা-বাবার কাছ থেকে মাত্র চার-পাঁচ দিন বয়সী শিশুদের সংগ্রহ করে লাখ লাখ টাকায় বিক্রি করে আসছিল।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, প্রতিটি কন্যাসন্তানের দাম ছিল ৩ থেকে ৪ লাখ রুপি এবং পুত্রসন্তানের দাম নির্ধারণ করা হতো ৬ থেকে ৮ লাখ রুপি। পুলিশ জানায়, দিল্লির পাহাড়গঞ্জ এলাকার এক বাসিন্দার দেওয়া তথ্যের ওপর ভিত্তি করে অভিযান শুরু হয়।

পুলিশের গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করার পর সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হয়। টানা কয়েক দিনের চেষ্টার পর পুলিশ জ্যোতি ওরফে কমলেশ নামের এক নারীকে শনাক্ত করে। পরে পুলিশ একটি ফাঁদ তৈরি করে এবং ৫ জুন কমলেশকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। কমলেশ জানায়, রাজস্থান ও গুজরাটের দরিদ্র দম্পতিদের কাছ থেকে শিশু কিনে বা চুরি করে তা মধ্যপ্রদেশ ও হরিয়ানার নিঃসন্তান দম্পতিদের কাছে বিক্রি করা হতো।

গ্রেপ্তারদের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ বেগুমপুর এলাকার হীরাস মাল্টিস্পেশালিটি হাসপাতালে অভিযান চালায়। তদন্তে দেখা যায়, এই হাসপাতালই ছিল পাচার চক্রের মূল কেন্দ্র এবং এর মালিক ড. বিবেকি ছিলেন পুরো চক্রের মূল হোতা।

ডেলি পুলিশের ডেপুটি কমিশনার রোহিত রাজবীর সিং জানান, নিঃসন্তান দম্পতিদের কাছে হস্তান্তরের আগে শিশুদের এই হাসপাতালে রাখা হতো। ড. বিবেকি শিশুদের ভুয়া কাগজপত্র তৈরি করতেন। পুলিশ জানিয়েছে, উদ্ধার শিশুদের প্রকৃত মা-বাবার সন্ধান চলছে।

উদ্ধার হওয়া ৫টি শিশুকে চাইল্ড ওয়েলফেয়ার কমিটির (সিডব্লিউসি) কাছে হস্তান্তর করা হয়েছে এবং বর্তমানে এগুলোকে পালনা সেন্টারে রাখা হয়েছে।

বিজ্ঞাপন