শিশু হত্যার অভিযোগে ঢাকা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) অতিরিক্ত প্রধান প্রকৌশলী সবিবুর রহমান এবং তার স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দুপুরে ধানমন্ডি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
নিহত ৯ বছরের শিশু রিক্তার পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে, রিক্তা ১১ তলা থেকে পড়ে মারা গেছে এবং তাদের দাবি, শিশুটির ওপর নির্যাতন করা হতো। নিহতের পরিবারের সদস্যরা জানান, রিক্তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।
রিক্তার বাবা বলেন, 'মেয়েটা যেদিন মারা গেছে, এর আগের দিন ওরে মারছে।' তিনি জানান, মৃত্যুর আগের দিন তার সঙ্গে মোবাইলে কথা হয়েছিল এবং রিক্তা কান্না করে বাড়ি নিয়ে যাওয়ার জন্য আবদার করেছিল।
অন্যদিকে, ভবনের নিরাপত্তা কর্মীরা দাবি করেছেন, রিক্তার শরীরে আঘাতের চিহ্ন নেই। তারা জানান, আহত মেয়েটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং হাতের আঘাতটি ভাঙা অবস্থায় ছিল।
পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ডিএমডপির এডিসি (মিডিয়া) নিয়াজ মেহেদী বলেন, 'আমাদের কাছে এ বিষয়ে মামলা হয়েছে এবং দুজন আসামি গ্রেপ্তার করা হয়েছে।'
শিশুটিকে ঈদুল আজহার ১৫ দিন আগে পরিচিত একজনের মাধ্যমে ওই বাসায় কাজে আনা হয়েছিল। ধানমন্ডিতে ওই দম্পত্তির বাসাটি আধুনিক ফ্ল্যাটে অবস্থিত, যার আয়তন প্রায় আড়াই হাজার স্কয়ারফিট।