নারায়ণগঞ্জের আড়াইহাজারে সশস্ত্র ডাকাত দলের হামলায় কুমিল্লার মুরাদনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাছান খাঁনসহ ছয়জন আহত হয়েছেন। শুক্রবার (১৯ জুন) দিবাগত রাত ১টার দিকে হাইজাদী ইউনিয়নের ধন্দী ও রাইনাদী-আতাদী এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সাকিব হাছান খাঁন ছুটিতে নিজ বাড়িতে ছিলেন এবং বিদ্যুৎ না থাকায় তিনি কয়েকজন বন্ধুর সঙ্গে রাস্তার পাশে বসে ছিলেন। এ সময় ১০ থেকে ১২ জনের একটি সশস্ত্র ডাকাত দল তাদের ওপর হামলা চালায়। ডাকাতরা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে সাকিবসহ অন্যদের গুরুতর আহত করে।
আহতরা হলেন মুকুল (৩৮), রাজিব (৩২), রুবেল (৩৬), ফারুক (৩২) এবং মুকুলের স্ত্রী ডালিয়া (৩৩)। আহতদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে ডাকাতরা দ্রুত পালিয়ে যায়। পরে আহতদের প্রথমে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয় এবং সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবজেল হোসেন জানান, পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেছে। হামলার সময় ডাকাতেরা তাদের কাছ থেকে কোনো মালামাল নিতে পারেনি। লিখিত অভিযোগ পেলে মামলা নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ বিষয়ে আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুর রহমান বলেন, ডাকাতেরা চলে যাওয়ার সময় যাকে সামনে পেয়েছে, তাকে কুপিয়ে পালিয়ে যায়। সাকিব হাছান খাঁন বুকে আঘাত পেয়েছেন এবং তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেফতারে পুলিশ কাজ করছে।