নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে প্রতিপক্ষের হামলায় গুলিবিদ্ধ হয়ে ‘ডাকাত’ সাহেব আলী নিহত হয়েছেন। সোমবার বিকেলে সিদ্ধিরগঞ্জের ওয়াপদা বউবাজার এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রনি গ্রুপের সদস্যরা তার ওপর হামলা চালায়।
হামলার সময় সাহেব আলীকে গুলি করে রনি গ্রুপ। গুলিবিদ্ধ হয়ে তিনি পাশের একটি ডোবায় পড়ে যান। এসময় প্রতিপক্ষ তার ওপর ইট ছুঁড়ে মারে। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার একটি সিসিটিভি ফুটেজে দেখা যায়, হামলার সময় রনি সাহেব আলীর দিকে গুলি ছুড়ছেন এবং তাকে ইট দিয়ে আঘাত করছেন। সিদ্ধিরগঞ্জ থানা-পুলিশ ও এসআরবি সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে তদন্ত শুরু করে।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, সাহেব আলী আইন-শৃঙ্খলা বাহিনীর তালিকাভুক্ত সন্ত্রাসী ছিলেন। তিনি পুলিশের ওপর হামলার ঘটনায় আসামি ছিলেন। হত্যার ঘটনায় জড়িতদের চিহ্নিত করা হচ্ছে এবং তাদের আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।
পুলিশ জানায়, সাহেব আলীর বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতি, ছিনতাই, অস্ত্র এবং নারী নির্যাতনের একাধিক মামলা রয়েছে। ২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর রাতে সিদ্ধিরগঞ্জের বউবাজার এলাকায় র্যাব-১১ এর ওপর অতর্কিত হামলা চালায় তিনি। চলতি বছরের আগস্ট মাসে ওয়াপদা কলোনি এলাকায় পুলিশের ওপর হামলা করে।