বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

নারায়ণগঞ্জে পুলিশ সদস্য হত্যার মূল অভিযুক্ত গ্রেপ্তার

নারায়ণগঞ্জে পুলিশের সদস্য আনোয়ার মোল্লা হত্যা মামলায় ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নারায়ণগঞ্জে পুলিশ সদস্য হত্যার মূল অভিযুক্ত গ্রেপ্তার

নারায়ণগঞ্জে পুলিশের সদস্য আনোয়ার মোল্লা হত্যার মামলায় ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতভর নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ।

অভিযানে মূল হোতা রিয়াজ ওরফে ডেভিড পালানোর চেষ্টা করলে পুলিশের গুলিতে আহত হন। এ সময় পুলিশের দুই উপ-পরিদর্শক নন্দন ও রফিকও আহত হন বলে জানায় পুলিশ।

অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মো. হাসিনুজ্জামান জানান, গ্রেপ্তারকৃতদের মধ্যে ডেভিড এবং তার ভাই আব্দুল্লাহ, সহযোগী সামাদসহ চারজন রয়েছেন। ডেভিডের পায়ে গুলি লেগেছে।

এছাড়া, এসআরবির একটি পৃথক দল আদর ও আজাদ নামে আরও দুইজনকে গ্রেপ্তার করেছে। হাসিনুজ্জামান বলেন, পুলিশ ও এসআরবির টিম মিলিয়ে মোট ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।

আব্দুল্লাহকে মুন্সিগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়েছে, বাকিদের ফতুল্লা থানার দেওভোগ ও নাগবাড়ি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, ২২ নভেম্বর রাতে ফতুল্লার কাশীপুর ইউনিয়নের হাশেমবাগ এলাকায় সাদা পোশাকে ওয়ারেন্টের তথ্য সংগ্রহ করতে গিয়ে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হন কনস্টেবল আনোয়ার মোল্লা। এ ঘটনায় পরদিন ফতুল্লা মডেল থানায় অজ্ঞাতনামা ৮ থেকে ১০ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়।

বিজ্ঞাপন