বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

রাজধানীতে বাসের ধাক্কায় অটোরিকশা চালক নিহত, ৩ আহত

রাজধানীর যাত্রাবাড়ীতে বাসের ধাক্কায় অটোরিকশার চালক নিহত হয়েছে, আহত তিনজন।

রাজধানীতে বাসের ধাক্কায় অটোরিকশা চালক নিহত, ৩ আহত

রাজধানীর যাত্রাবাড়ীর রায়েরবাগ ইউনাইটেড সিএনজি পাম্পের সামনে একটি বাসের ধাক্কায় মাসুম মিয়া (৪০) নামের অটোরিকশার চালক নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশার তিন যাত্রী বশির (৩৩), রুবেল (৩১) ও আলামিন (৩০) আহত হন।

নিহত মাসুম মিয়ার বাড়ি বরিশালের উজিরপুর উপজেলার মন্ডপাশা গ্রামে। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে মাসুমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

হাবিবুর রহমান বলেন, ‘আহত অটোরিকশার তিন যাত্রী বর্তমানে জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। আমরা আহত যাত্রীদের কাছ থেকে জানতে পেরেছি যে, আজ সকালের দিকে তারা অটোরিকশাযোগে যাওয়ার সময় দ্রুতগামী অজ্ঞাত একটি বাসের ধাক্কায় পড়েন।’

যাত্রাবাড়ী থানার সহ উপপরিদর্শক (এ এসআই) হাসানুর রহমান বলেন, ‘আমরা খবর পেয়ে ঘটনাস্থল থেকে অটোরিকশার চালকসহ চারজনকে ঢাকা মেডিকেলে পাঠাই। পরে সেখানে চালককে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন। অন্য তিনজন আহত জরুরি বিভাগের চিকিৎসাধীন রয়েছেন।’

তিনি আরও জানান, এ ঘটনায় বাসের চালক পালিয়ে গেলেও বাসের সুপারভাইজার এবং গাড়িটি থানা পুলিশের হেফাজতে রয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

বিজ্ঞাপন