সিলেটের একটি অভিজাত হোটেল থেকে কক্সবাজারের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির ছেলে শাওন আরমান, ভাই আমিনুর রহমান আমিনসহ চারজনকে আটক করেছে পুলিশ। আজ বুধবার ভোররাতে নগরের গ্র্যান্ড প্যালেস হোটেল থেকে তাদের আটক করা হয়।
সিলেট মহানগর পুলিশের (এসএমপি) উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। আটক অন্য দুজন হলেন বদির সহযোগী সিআইপি আবদুস শুক্কুর ও টেকনাফ পৌরসভার কাউন্সিলর মোহাম্মদ হোসেন।
পুলিশ জানায়, পুলিশ সদর দপ্তরের নির্দেশনার ভিত্তিতে মঙ্গলবার রাত ১২টা থেকে জল্লারপাড় এলাকায় অবস্থিত হোটেলটি ঘিরে রাখা হয়। আটক ব্যক্তিদের পরিচয় নিশ্চিত করতে প্রায় পাঁচ ঘণ্টা সময় লাগে। বুধবার ভোর ৫টার দিকে তাদের আটক করে কোতোয়ালি থানায় নিয়ে যাওয়া হয়।
আটক ব্যক্তিরা কেন সিলেটে অবস্থান করছিলেন এবং কোন মামলায় তাদের আটক করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানিয়েছেন, আটক চারজনকে কক্সবাজার জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।