বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

সাতক্ষীরায় সেফটিক ট্যাংকে বিষাক্ত গ্যাসে দুজনের মৃত্যু

সাতক্ষীরার কালীগঞ্জে সেফটিক ট্যাংকে বিষাক্ত গ্যাসে দুই জনের মৃত্যু হয়েছে।

সাতক্ষীরায় সেফটিক ট্যাংকে বিষাক্ত গ্যাসে দুজনের মৃত্যু

সাতক্ষীরার কালীগঞ্জে নির্মাণাধীন সেফটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে এক রাজমিস্ত্রি ও এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুর ২টার দিকে উপজেলার তারালী ইউনিয়নের বরেয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন বরেয়া গ্রামের সনাতন সরকারের ছেলে মহানন্দ সরকার (৩৫) এবং মনিরুজ্জামান পাড়ের ছেলে আরাফাত পাড় (১৬)। আরাফাত স্থানীয় বরেয়া মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয় ইউপি সদস্য এনামুল হক জানান, মঙ্গলবার দুপুরে বরেয়া গ্রামের হাতেম শেখের ছেলে আরিফুল ইসলামের বাড়িতে নির্মাণাধীন সেফটিক ট্যাংকের ছাদের সেন্টারিং খুলতে ভেতরে নামেন রাজমিস্ত্রি মহানন্দ সরকার।

কয়েক দিন আগে নির্মিত ট্যাংকটি বদ্ধ থাকায় ভেতরে অক্সিজেনের স্বল্পতা ও বিষাক্ত গ্যাসের প্রভাবে তিনি অজ্ঞান হয়ে যান। তাকে উদ্ধারে ট্যাংকের ভেতরে নামেন গোলাম হোসেন ও স্কুলছাত্র আরাফাত।

এ সময় গ্যাসের প্রভাবে মহানন্দ ও আরাফাতের মৃত্যু হয়। গুরুতর অসুস্থ অবস্থায় গোলাম হোসেনকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্বজনেরা।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিনুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষাক্ত গ্যাসের উপস্থিতি ও অক্সিজেনের স্বল্পতায় দুজনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

বিজ্ঞাপন