ময়মনসিংহে আন্তর্জাতিক অনলাইন বেটিং সাইট ব্যবহার করে প্রতারণার অভিযোগে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) সাত সদস্যকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে নগরের ৬ নম্বর ওয়ার্ডের সেনবাড়ি এলাকার একটি ভবনের ষষ্ঠ তলার পশ্চিম পাশের কক্ষ থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার মনির হোসেন (২৩), বরিশালের মুলাদী উপজেলার মাসুদ আল মাহফুজ (২৫), ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার তানভীর আহমেদ (২৫), জিহুর রহমান জনি (২৭), টাঙ্গাইলের মজনু (২৬), ময়মনসিংহের নাঈম মণ্ডল (২৪) এবং ফুলপুরের রাকিব (২০)।
জেলা পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান বুধবার দুপুরে সংবাদ সম্মেলনে বলেন, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে এই প্রতারণামূলক কার্যক্রম পরিচালনা করছিলেন। অভিযানের সময় তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত মোবাইল ফোন ও ল্যাপটপ উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, উদ্ধারকৃত ডিভাইসগুলো পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। এ চক্রের সঙ্গে জড়িত অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে ডিবি পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
জেলা পুলিশ অনলাইন বেটিং সাইট ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, অপরিচিত ব্যক্তির সঙ্গে ব্যক্তিগত তথ্য আদান-প্রদান এবং আর্থিক লেনদেনের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা উচিত।