লক্ষ্মীপুরে গ্রেপ্তার হওয়া নব্য জেএমবির শুরা কাউন্সিলের সদস্য নাজমুল হাসান মামুন, যিনি ‘বোমারু মামুন’ নামে পরিচিত, তাকে আরও সাত দিনের রিমান্ড দিয়েছেন আদালত। একই মামলায় গ্রেপ্তার অপর আসামি জাহেদুল ইসলাম জাবেদের চার দিনের রিমান্ডও মঞ্জুর করা হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে আদালতের সহকারী সরকারি কৌঁসুলি আব্দুল আহাদ শাকিল পাটওয়ারী এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, সোমবার দুপুরে অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ রেজাউল হক এ রিমান্ডের আদেশ দেন। পুলিশ মামুনকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করে, কিন্তু আদালত সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।
পুলিশের তথ্য অনুযায়ী, মামুনের প্রকৃত নাম নাজমুল হাসান মামুন। তিনি ৩ নভেম্বর রায়পুর উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের খাসেরহাট বাজারে বিএনপির তিন নেতাকে ছুরিকাঘাত করে আহত করেন। স্থানীয়রা তাকে ধাওয়া করলে তিনি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালানোর চেষ্টা করেন। পরে স্থানীয়রা তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।
আটকের সময় মামুন নিজের পরিচয় গোপন করে সাইফুল ইসলাম সুজন নাম জানান। তিনি নিজেকে ভোলা সদর উপজেলার বাসিন্দা বলেও পরিচয় দেন। এ ঘটনায় তাকে প্রধান আসামি করে সাতজনের বিরুদ্ধে রায়পুর থানায় মামলা হয়েছে।
পুলিশ জানায়, মামুন প্রায় দুই মাস ধরে উত্তর চরবংশী ইউনিয়নের চরবংশী গ্রামের মৃত আবু তাহের সিকদারের বাড়িতে ভাড়া ছিলেন। ৯ নভেম্বর তার থাকার কক্ষ থেকে বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। পরদিন, বাড়ির উঠানে মাটির নিচে খোঁড়া একটি গর্ত থেকে বোমাভর্তি দুটি দুধের কৌটা উদ্ধার করে পুলিশ।
১১ নভেম্বর রাতে ঢাকা মহানগর পুলিশের বোমা নিষ্ক্রিয়করণ সেলের চার সদস্যের একটি দল কৌটাগুলোর ভেতরে শক্তিশালী ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) থাকার বিষয়টি নিশ্চিত করে। পরদিন ১২ নভেম্বর বোমাগুলো নিষ্ক্রিয় করা হয়।
এ ঘটনায় বিস্ফোরক আইনে করা পৃথক দুটি মামলাতেও মামুনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। বরিশালসহ দেশের বিভিন্ন থানায় তার বিরুদ্ধে ১৬টি মামলার তথ্য পাওয়া গেছে। রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া জানান, মামুন ২০১৭ সালের ৩১ ডিসেম্বর ঢাকার উত্তরা থেকে গ্রেপ্তার হয়েছিলেন। তখন তার বয়স ছিল ২১ বছর।
ঢাকার একটি হোটেলে আত্মঘাতী বোমা হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। পরে ২০২৪ সালের সেপ্টেম্বরে জামিনে মুক্তি পান। মামুনের প্রথম দফার পাঁচ দিনের রিমান্ড শেষ হয় ১৭ নভেম্বর। এরপর পুলিশ তাকে আরও জিজ্ঞাসাবাদের জন্য দ্বিতীয় দফায় ১০ দিনের রিমান্ড আবেদন করে, যা আদালত সাত দিনে মঞ্জুর করেন।