মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

চাঁদপুরে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

চাঁদপুরে ট্রেনের ধাক্কায় ২২ বছর বয়সী যুবক মেহেদী হাসানের মৃত্যু হয়েছে।

চাঁদপুরে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

চাঁদপুরে মেঘনা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ২২ বছর বয়সী যুবক মেহেদী হাসানের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার ভোর ৫টার দিকে এই দুর্ঘটনা ঘটে। মেঘনা এক্সপ্রেস ট্রেনটি চাঁদপুর থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হওয়ার সময় শহরের দর্জিঘাট এলাকার পূর্ব পাশে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ফজরের নামাজ আদায় করে তারা হাঁটতে বের হয়েছিলেন। ট্রেনটি ছেড়ে যাওয়ার কিছুক্ষণ পর দর্জিঘাট এলাকায় লোকজনের জটলা দেখতে পান। ঘটনাস্থলে পৌঁছে তারা মেহেদীকে রেললাইনের পাশে পড়ে থাকতে দেখেন। তাদের ধারণা, ট্রেনের ধাক্কায় মাথায় আঘাত পেয়ে তার মৃত্যু হয়েছে।

মেহেদীর ব্যবহৃত একটি মোবাইল ফোন ঘটনাস্থলের পাশে পড়ে থাকতে দেখা যায়। স্থানীয় লোকজন ও প্রত্যক্ষদর্শীরা বিষয়টি চাঁদপুর রেলওয়ে পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ফোন থেকে নম্বর সংগ্রহ করে পরিবারের সদস্যদের খবর দেয়।

নিহত মেহেদী পেশায় একটি বেকারির কর্মচারী ছিলেন এবং তিনি চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার বলাখাল এলাকার সুমনের ছেলে। তিনি শহরের ৭ নম্বর ওয়ার্ডের যমুনা রোড এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

চাঁদপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে এবং মোবাইল ফোনের মাধ্যমে তার পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। মরদেহ সুরতহালের জন্য নেওয়া হচ্ছে এবং এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

বিজ্ঞাপন