সাতক্ষীরার কালিগঞ্জে সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে এক রাজমিস্ত্রী ও এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুর ২টার দিকে কালিগঞ্জ উপজেলার তারালী ইউনিয়নের বরেয়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে রয়েছেন বরেয়া গ্রামের সনাতন সরকারের ছেলে মহানন্দ সরকার (৩৫) এবং মনিরুজ্জামান পাড়ের ছেলে স্কুলছাত্র আরাফাত হোসেন (১৬)। এ ঘটনায় আহত হয়েছেন বরেয়া গ্রামের মোহাম্মদ আলী সরদারের ছেলে গোলাম হোসেন (৩০)।
স্থানীয় ইউপি সদস্য এনামুল হক জানান, মহানন্দ সরকার বরেয়া গ্রামের হাতেম শেখের বাড়িতে নির্মাণাধীন সেপটিক ট্যাংকের ছাদের সেনটারিং খুলতে নামেন। কিছুদিন আগে নির্মিত ওই বদ্ধ সেপটিক ট্যাংকে নামার পর অক্সিজেন স্বল্পতা ও বিষাক্ত গ্যাসের কারণে তিনি অজ্ঞান হয়ে যান।
মহানন্দ সরকারকে উদ্ধার করতে গোলাম হোসেন ও বরেয়া মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র আরাফাত হোসেন সেপটিক ট্যাংকে নামেন। গ্যাসের প্রতিক্রিয়ায় মহানন্দ সরকার ও আরাফাত হোসেন ঘটনাস্থলেই মারা যান। গুরুতর অসুস্থ গোলাম হোসেনকে উদ্ধার করে স্বজনরা কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিনুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেছে এবং প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিষাক্ত গ্যাসের উপস্থিতি ও অক্সিজেন স্বল্পতায় দুজনের মৃত্যু হয়েছে।