কক্সবাজারের ঈদগাঁওয়ে একটি যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে পাঁচজনে দাঁড়িয়েছে। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের ঈদগাঁও থানার কাছে এই দুর্ঘটনা ঘটে।
ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম শিফাতুল মাজদার জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলেই তিনজন নিহত হন। গুরুতর আহত তিনজনকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক আরও দুজনকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় আহত অপর একজন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজারমুখী হানিফ পরিবহনের একটি বাস বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে, যার ফলে এই হতাহতের ঘটনা ঘটে।