লালমনিরহাটের কালীগঞ্জে অপহরণ, ডাকাতি ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ১১ লাখ টাকার বেশি লুটের মামলায় মোমছেদুল খান বুলবুল (৩৫) নামে এক বহিষ্কৃত ছাত্রদল নেতাকে গ্রেপ্তার করেছে র্যাব। শনিবার রংপুর র্যাব–১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
গত শুক্রবার রাতে কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার ইউনিয়নের কাশিরাম মনিহারী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে বুলবুলকে গ্রেপ্তার করা হয়। তিনি উত্তর মুশরাত মদাতী এলাকার মো. রকিবুল খানের ছেলে এবং কালীগঞ্জ উপজেলা ছাত্রদলের বহিষ্কৃত সদস্য সচিব।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, চলতি বছরের ২০ ফেব্রুয়ারি রাতে চাপারহাট থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন স্থানীয় রবিউল ইসলাম (৩০)। গুরুদয়াল চৌপথি মোড়ে পৌঁছালে বুলবুল ও তার সহযোগীরা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে তাদের পথরোধ করে জোরপূর্বক অপহরণ করে।
বুলবুলের মালিকানাধীন একটি মুরগির খামারে নিয়ে তাদের শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয়। এ সময় রবিউলের সঙ্গে থাকা নগদ ৩ লাখ ৪ হাজার টাকা এবং মোটরসাইকেলটি ছিনিয়ে নেয়। এছাড়া প্রাণনাশের হুমকি দিয়ে তাদের মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট থেকে ৮ লাখ ২৪ হাজার ১০৭ টাকা স্থানান্তর করে নেয়।
ঘটনার পর ৩ এপ্রিল বুলবুলকে প্রধান আসামি করে আদালতে একটি মামলা দায়ের করা হয়। মামলার পর থেকেই তিনি পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়।
কালীগঞ্জ উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব রাজ্জাকুর রহমান রাজ্জাক জানান, ‘দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে তাকে অনেক আগে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।’ কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক বলেন, ‘বুলবুলকে গ্রেপ্তার করে আমাদের কাছে হস্তান্তর করা হলে আমরা তাকে আদালতে পাঠিয়েছি।’