ঝিনাইদহের শৈলকূপায় বাসের চাপায় আব্বাস হোসেন (৪০) নামে এক ট্রাকচালকের মৃত্যু হয়েছে। রোববার (২১ জুন) সকাল ১০টায় উপজেলার বড়দাহ ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আব্বাস হোসেন যশোরের চুরামনকাটি এলাকার বাসিন্দা। পুলিশ সূত্রে জানা যায়, বড়দাহ ব্রিজ এলাকায় রাস্তার পাশে ট্রাক রেখে চা পান করছিলেন তিনি। চা পান শেষে রাস্তা পার হওয়ার সময় খুলনা থেকে কুষ্টিয়াগামী রূপসা পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়।
এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠায়।
আরাপপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহানুর আলী জানান, মরদেহ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘাতক বাসটি শনাক্ত করার চেষ্টা চলছে।