রবিবার, ২১ জুন, ২০২৬
ব্রেকিং
শিক্ষা

চট্টগ্রামে বিপিও সামিট, উদ্বোধন হলো ফ্রিল্যান্সার কার্ড

চট্টগ্রামে অনুষ্ঠিত বিপিও সামিটে উদ্বোধন হলো ফ্রিল্যান্সার কার্ড, যা তরুণদের ডিজিটাল অর্থনীতির সাথে যুক্ত করবে।

চট্টগ্রামে বিপিও সামিট, উদ্বোধন হলো ফ্রিল্যান্সার কার্ড

চট্টগ্রামে ‘বিপিও সামিট বাংলাদেশ ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে, যা তরুণদের বৈশ্বিক কর্মসংস্থান, আউটসোর্সিং ও ডিজিটাল অর্থনীতির সঙ্গে যুক্ত করতে সহায়তা করবে। শনিবার খুলশী কনভেনশন হলে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো), বাণিজ্য মন্ত্রণালয়ের বিজনেস প্রমোশন কাউন্সিল (বিপিসি) এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ সামিটের আয়োজন করা হয়।

‘হোয়্যার ট্যালেন্ট মিটস গ্লোবাল অপরচুনিটি’ প্রতিপাদ্যে আয়োজিত দিনব্যাপী এ সামিটে সরকারি ও বেসরকারি খাতের প্রতিনিধি, শিল্পোদ্যোক্তা, শিক্ষাবিদ, ফ্রিল্যান্সার, শিক্ষার্থী ও তরুণ পেশাজীবীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে ক্যারিয়ার এক্সপো, সেমিনার, তথ্যপ্রযুক্তি অলিম্পিয়াড ও নেটওয়ার্কিং কার্যক্রমের আয়োজন করা হয়।

প্রধান অতিথি হিসেবে ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন চট্টগ্রাম অঞ্চলের ফ্রিল্যান্সারদের জন্য ‘ফ্রিল্যান্সার কার্ড’-এর উদ্বোধন করেন। তিনি বলেন, ‘এ কার্ড ফ্রিল্যান্সারদের আর্থিক ও পেশাগত কার্যক্রমকে আরও সহজ করবে।’

প্রতিমন্ত্রী তরুণ জনগণের শক্তির ওপর গুরুত্বারোপ করে বলেন, ‘প্রয়োজনীয় দক্ষতা ও সুযোগ পেলে তারাই ভবিষ্যতে বৈশ্বিক ডিজিটাল অর্থনীতিতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে।’ তিনি প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরিতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক আবদুল্লাহ আল মামুন। বাক্কোর সভাপতি তানভীর ইব্রাহীম জানান, ‘দেশের বিপিও ও আইটিইএস খাত বর্তমানে বছরে প্রায় ১ বিলিয়ন মার্কিন ডলার বৈদেশিক মুদ্রা আয় করছে।’

সামিটের অন্যতম আকর্ষণ ছিল ‘স্কিলড ইয়ুথ: ড্রাইভিং ইনোভেশন অ্যান্ড গ্রোথ’ শীর্ষক সেমিনার। এতে শিল্পখাতের প্রতিনিধিরা তরুণদের দক্ষতা উন্নয়ন, ভবিষ্যৎ কর্মসংস্থান, উদ্ভাবন, উদ্যোক্তা সৃষ্টি ও ফ্রিল্যান্সিংয়ের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।

আয়োজকেরা জানান, চট্টগ্রামের বিশ্ববিদ্যালয়, তরুণ জনশক্তি, ফ্রিল্যান্সার ও উদ্যোক্তাদের সম্পৃক্ত করে অঞ্চলটিকে দেশের একটি গুরুত্বপূর্ণ ডিজিটাল সেবা ও আউটসোর্সিং কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্য রয়েছে।

বিজ্ঞাপন