তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বিতর্ক কেবল প্রতিযোগিতা নয়, বরং এটি বিনোদন ও সৃষ্টিশীলতার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। তিনি শনিবার (২০ জুন) রাজধানীর একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগিতায় এ মন্তব্য করেন।
মন্ত্রী জানান, সরকার চাইলে বিতর্ক চর্চাকে প্রাতিষ্ঠানিক শিক্ষা কারিকুলামের মধ্যে অন্তর্ভুক্তির বিষয়ে বিবেচনা করতে পারে। তিনি বলেন, সুস্থ বিতর্কের সংস্কৃতি রাষ্ট্র ও আন্তর্জাতিক অঙ্গণে প্রতিষ্ঠিত হলে তা সভ্যতার জন্য আশীর্বাদ হয়ে উঠবে।
জহির উদ্দিন স্বপন সমাজের নানা সমস্যা ও সম্ভাবনা নিয়ে গঠনমূলক আলোচনার জন্য বিতর্ককে আন্দোলনে রূপ দেয়ার আহ্বান জানান। তিনি শিক্ষাপ্রতিষ্ঠানে বিতর্ককে আরও ব্যাপকভাবে চর্চা ও বাধ্যতামূলক করার উপর গুরুত্বারোপ করেন।
এই বিতর্ক প্রতিযোগিতায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৪৮টি দল অংশগ্রহণ করে। বাংলা বিতর্কে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) এবং ইংরেজি বিতর্কে প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) চ্যাম্পিয়ন হয়েছে।