শনিবার, ০৩ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
শিক্ষা

৫৬ শিক্ষাপ্রতিষ্ঠান নিয়ে শুরু হলো রবি-দৃষ্টি ডিবেট চ্যাম্পিয়নশিপ

চট্টগ্রামে শুরু হলো রবি-দৃষ্টি ডিবেট চ্যাম্পিয়নশিপ ২০২৬, ৫৬ শিক্ষাপ্রতিষ্ঠান অংশগ্রহণ করছে।

৫৬ শিক্ষাপ্রতিষ্ঠান নিয়ে শুরু হলো রবি-দৃষ্টি ডিবেট চ্যাম্পিয়নশিপ

চট্টগ্রামে শুরু হয়েছে দেশের অন্যতম বড় বিতর্ক প্রতিযোগিতা ‘রবি-দৃষ্টি ডিবেট চ্যাম্পিয়নশিপ ২০২৬’। শুক্রবার থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।

রবি আজিয়াটা পিএলসির পৃষ্ঠপোষকতায় আয়োজিত এ প্রতিযোগিতায় চট্টগ্রাম মহানগরীর ৩২টি স্কুল এবং সারাদেশের ২৪টি বিশ্ববিদ্যালয় ও ডিবেটিং ক্লাবসহ মোট ৫৬টি শিক্ষা প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। আগামী ৯ অক্টোবর সমাপনী ও চূড়ান্ত পর্বের মধ্য দিয়ে শেষ হবে বিতর্কের এই মহোৎসব।

এবারের আয়োজনটি দৃষ্টি চট্টগ্রামের ৩১তম আন্তঃস্কুল এবং ২০তম আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা। চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রবি আজিয়াটা পিএলসির চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার ব্যারিস্টার সাহেদ আলম, করপোরেট ব্যক্তিত্ব ও জনপ্রিয় গীতিকার আসিফ ইকবাল, রবি আজিয়াটা পিএলসির সিনিয়র ক্লাস্টার মার্কেট ডিরেক্টর শেখ মাইনুল ইসলাম এবং জেনারেল ম্যানেজার (সাসটেইনেবিলিটি) মাহফুজ সোবহান রনি।

উদ্বোধনী বক্তব্যে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন শিক্ষার্থীদের যুক্তিনির্ভর চিন্তা ও জ্ঞানচর্চার ওপর জোর দিয়ে বলেন, বিতর্ক শুধু একটি প্রতিযোগিতা নয়, বরং যুক্তি, সহনশীলতা ও নেতৃত্বের গুণাবলি বিকাশের অন্যতম মাধ্যম।

রবির চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার ব্যারিস্টার সাহেদ আলম বলেন, ‘রবি মনে করে, মানুষের মধ্যে যে কল্পনাশক্তি রয়েছে, তার সঠিক পরিচর্যা করা গেলে তা দেশের জন্য ভালো কিছু বয়ে আনতে পারে।’

আসিফ ইকবাল তরুণদের সুসংগঠিত যুক্তিচর্চা, সাংস্কৃতিক সম্পৃক্ততা ও ভিন্নমতকে সম্মান জানানোর আহ্বান জানান।

অনুষ্ঠানে দৃষ্টি চট্টগ্রামের প্রতিষ্ঠাতা মাসুদ বকুল দীর্ঘ ৩১ বছর ধরে আন্তঃস্কুল এবং ২০ বছর ধরে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক আয়োজনের ধারাবাহিকতা তুলে ধরেন এবং দীর্ঘ ১৬ বছর রবির ধারাবাহিক সহযোগিতার প্রশংসা করেন।

মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন কমিটির প্রধান মুজিবুল হক জানান, দেশসেরা বিতার্কিকদের এই মেলবন্ধন চট্টগ্রামের ঐতিহ্যবাহী বিতর্কচর্চাকে আরও সমৃদ্ধ করবে।

বিজ্ঞাপন