বৃহস্পতিবার, ০১ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
শিক্ষা

সিরাজগঞ্জ ও নাটোরে ১,৫০০ প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই

সিরাজগঞ্জ ও নাটোরের ১,৫০০ প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই, শিক্ষকদের ওপর চাপ বাড়ছে।

সিরাজগঞ্জ ও নাটোরে ১,৫০০ প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই

সিরাজগঞ্জের ১ হাজার ৫৬টি এবং নাটোরের ৪২৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক না থাকায় বিদ্যালয়গুলোর প্রশাসনিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। শিক্ষকদের ওপর অতিরিক্ত দায়িত্বের চাপ পড়ছে, যা পাঠদান ও শিক্ষার পরিবেশকে ক্ষতিগ্রস্ত করছে।

সিরাজগঞ্জে মোট ১ হাজার ৬৭২টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে, এর মধ্যে ১ হাজার ৫৬টি বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই। দীর্ঘদিন ধরে সহকারী শিক্ষকেরা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন। উল্লাপাড়া উপজেলায় প্রধান শিক্ষকের অভাব সবচেয়ে বেশি, যেখানে ১৬৮ বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই।

কাজিপুর উপজেলায় ১৫৯টি, শাহজাদপুরে ১৫৫টি, সিরাজগঞ্জ সদরের ১৪০টি, রায়গঞ্জের ১১৩টি, বেলকুচির ১০৩টি, তাড়াশের ৯৭টি, চৌহালির ৯০টি ও কামারখন্দের ৩১টি বিদ্যালয়ে স্থায়ী প্রধান শিক্ষক নেই। এই অবস্থায় শিক্ষকরা অতিরিক্ত পরিশ্রম করে হতাশ হয়ে পড়ছেন।

সিরাজগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. সাহাব উদ্দিন জানিয়েছেন, শিক্ষক সংকটের কারণে পাঠদান ব্যাহত হচ্ছে এবং দ্রুত শূন্যপদে নিয়োগ ও পদন্নতি দিয়ে সমস্যার সমাধান করা হবে।

অন্যদিকে নাটোরের ৭৩৮টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৪২৯টিতে প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে। এতে শিক্ষার্থী ও অভিভাবকদের ভোগান্তি চরমে পৌঁছেছে। নাটোর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল হান্নান বলেন, ‘জরুরি ভিত্তিতে শূন্য পদ পূরণ করা হবে।’

শিক্ষক সংকটের কারণে সিরাজগঞ্জ ও নাটোরের শিশুরা লেখাপড়ায় পিছিয়ে পড়ার শঙ্কা প্রকাশ করেছেন অভিভাবকরা।

বিজ্ঞাপন