শিক্ষা মন্ত্রণালয় সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির জন্য নতুন নীতিমালা প্রকাশ করেছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব সাবিনা ইয়াসমিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই নীতিমালা জারি করা হয়।
নীতিমালার অনুযায়ী, প্রথম শ্রেণিতে শিক্ষার্থী নির্বাচন হবে ডিজিটাল লটারির মাধ্যমে। অন্যদিকে, দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে শূন্য আসনের বিপরীতে লিখিত পরীক্ষার মাধ্যমে মেধার ভিত্তিতে শিক্ষার্থী বাছাই করা হবে।
প্রথম শ্রেণিতে ভর্তির জন্য শিক্ষার্থীর বয়স ১ জানুয়ারি তারিখে কমপক্ষে ৬ বছর হতে হবে, তবে ৭ বছর পূর্ণ হওয়া যাবে না। আবেদনকারীদের অনলাইন জন্মনিবন্ধন সনদের সত্যায়িত কপি জমা দিতে হবে।
ভর্তি পদ্ধতির অংশ হিসেবে, প্রথম শ্রেণির জন্য লটারি এবং অন্যান্য শ্রেণির জন্য লিখিত পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী বাছাই করা হবে। দ্বিতীয় থেকে পঞ্চম শ্রেণির ভর্তি পরীক্ষা ৫০ নম্বরের হবে, যেখানে বাংলা, ইংরেজি ও গণিতের জন্য নির্দিষ্ট নম্বর বরাদ্দ থাকবে।
আবেদন ফি প্রথম শ্রেণির জন্য ১১০ টাকা এবং দ্বিতীয় থেকে নবম শ্রেণির জন্য ২৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। ঢাকা মহানগরীর সরকারি বিদ্যালয়গুলোতে ক্যাচমেন্ট এলাকার শিক্ষার্থীদের জন্য ৪০ শতাংশ আসন সংরক্ষিত থাকবে।
মুক্তিযোদ্ধা, বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থী, শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সন্তান ও জমজ ভাই-বোনদের জন্য নির্দিষ্ট হারে আসন সংরক্ষণের বিধান রাখা হয়েছে। ভর্তি কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য মহানগর, জেলা ও উপজেলা পর্যায়ে পৃথক ভর্তি কমিটি গঠন করা হবে।
২০২৭ শিক্ষাবর্ষে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ভর্তি কার্যক্রম এই নীতিমালার নির্দেশনা অনুসারে পরিচালিত হবে।