১৯৯২ সালের বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন পরিবর্তনের উদ্যোগ নিয়েছে সরকার। শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, চলতি সংসদ অধিবেশনে বেসরকারি বিশ্ববিদ্যালয় সংশোধন বিল উত্থাপন করা হবে।
মন্ত্রী বুধবার (১১ নভেম্বর) বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস'র (বিইউপি) আবাসিক এলাকা উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন। তিনি জানান, বাংলাদেশকে শিক্ষার হাব হিসেবে গড়ে তুলতে সরকারের পরিকল্পনা রয়েছে।
শিক্ষামন্ত্রী বলেন, “বিদেশি শিক্ষার্থীদের আকৃষ্ট করে বাংলাদেশকে শিক্ষার হাব হিসেবে গড়ে তুলতে চায় সরকার। এ লক্ষ্যে ক্যানবেরাসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কাজ চলছে।”
মন্ত্রী আরও বলেন, “শিক্ষার্থীদের প্রযুক্তির সাথে তাল মিলিয়ে এগিয়ে যেতে হবে। আগামী ২৪ ডিসেম্বর নতুন বই বিতরণ করা হবে শিক্ষার্থীদের মাঝে।”
অনুষ্ঠানে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সঠিক ব্যবহার ও বিকাশে শিক্ষার্থীদের উৎসাহিত করতে বিশ্ববিদ্যালয় ও শিক্ষা খাতের সংশ্লিষ্টদের আরও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
এছাড়া, অনুষ্ঠানে জাতীয় পর্যায়ের বিভিন্ন প্রতিযোগিতায় সফলতার জন্য শিক্ষার্থীদের পুরস্কার দেয়া হয় এবং গবেষণার জন্য ৫ জন শিক্ষককে 'বেস্ট রিসার্চ এওয়ার্ড' প্রদান করা হয়।