সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
শিক্ষা

এইচএসসিতে ১১ লাখ উত্তরপত্র পুনর্মূল্যায়নের আবেদন জমা

এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের পর ১১ লাখ উত্তরপত্র পুনর্মূল্যায়নের আবেদন জমা হয়েছে।

এইচএসসিতে ১১ লাখ উত্তরপত্র পুনর্মূল্যায়নের আবেদন জমা

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশের পর মোট ১০ লাখ ৮৭ হাজার ৪১৩টি উত্তরপত্র পুনর্নিরীক্ষা ও পুনর্মূল্যায়নের আবেদন জমা পড়েছে। দেশের ১১টি শিক্ষা বোর্ডে ২ লাখ ৯১ হাজার ২০৯ জন শিক্ষার্থী এই আবেদন করেছেন।

শিক্ষার্থীরা ইংরেজি ও আইসিটি সহ বিভিন্ন বিষয়ে উত্তরপত্র পুনর্নিরীক্ষা ও পুনর্মূল্যায়নের জন্য আবেদন করেছেন। ঢাকা শিক্ষা বোর্ডে খাতা পুনর্নিরীক্ষণের জন্য ৩ লাখ ৩৫ হাজার ৮৭৯টি আবেদন জমা পড়েছে।

ঢাকা বোর্ডের পরিসংখ্যান অনুযায়ী, ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্রে ৪২ হাজার ২টি এবং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি) বিষয়ে ৩৮ হাজার ৭৫টি আবেদন জমা পড়েছে।

ঢাকা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আক্তারুজ্জামান জানান, ইংরেজি ও আইসিটিতে পাসের হার কম হওয়ার পেছনে পরীক্ষা গ্রহণ ও মূল্যায়ন পদ্ধতির পরিবর্তন এবং শিক্ষক সংকটকে দায়ী করা হচ্ছে।

তিনি বলেন, "অনেক কলেজে পর্যাপ্ত আইসিটি শিক্ষক নেই, ফলে অন্য বিষয়ের শিক্ষকদের দিয়ে আইসিটি পড়ানো হয়।"

বাংলা বিষয়েও উল্লেখযোগ্য সংখ্যক আবেদন জমা পড়েছে। বাংলা প্রথম ও দ্বিতীয় পত্রে ২৪ হাজার ৮৫৮টি পুনর্নিরীক্ষণের আবেদন হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয় জানায়, ৩১ অক্টোবর প্রকাশিত এইচএসসি পরীক্ষায় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। মোট ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন পরীক্ষার্থীর মধ্যে ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন পাস করেছেন।

আবেদনের শেষ সময় ছিল ৮ নভেম্বর দুপুর ১২টা পর্যন্ত। আগামী ২৩ নভেম্বর পুনর্নিরীক্ষার ফল প্রকাশ করা হবে।

বোর্ড চেয়ারম্যান জানান, খাতা মূল্যায়নে কোনো অনিয়ম বা গাফিলতির প্রমাণ মিললে সংশ্লিষ্ট পরীক্ষকদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন