২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় শুণ্য থেকে ১৫ শতাংশ পাশের হার সম্পন্ন কলেজগুলোকে অন্যান্য ভালো ফলাফলের প্রতিষ্ঠানের সাথে একীভূত করার মতামত দিয়েছে কুমিল্লা শিক্ষা বোর্ড।
মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে কুমিল্লা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে শুণ্য পাশের হার সম্পন্ন কলেজের প্রধানদের সাথে সভার পর এ তথ্য জানান বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. আহসান পারভেজ।
তিনি বলেন, "সর্বনিম্ন পাসের হারের কলেজগুলোর ক্ষেত্রে একীভূত করার মতামত দেওয়া হয়েছে। তবে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে শিক্ষা মন্ত্রণালয়।"
সম্প্রতি প্রকাশিত ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে দেখা যায়, কুমিল্লা বোর্ডের অধীন ১৫ টি প্রতিষ্ঠানে কেউই পাস করতে পারেনি।
সেসব প্রতিষ্ঠানের মধ্যে কিছু কলেজে একজন শিক্ষার্থীর বিপরীতে চারজন শিক্ষক থাকলেও শূন্য পাশের হার ছিল। এমনকি কিছু কলেজে একজন শিক্ষার্থী নিয়েই উচ্চ মাধ্যমিক শাখার কার্যক্রম চলছিল।
এ বছর ফলাফল নিয়ে সারাদেশে সমালোচনা শুরু হলে, ১৫ টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের শিক্ষা বোর্ডে তলব করা হয়। সেখানে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক, উপ পরীক্ষা নিয়ন্ত্রক, কলেজ পরিদর্শকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সেখানে খারাপ ফলাফলের কারণ জানতে চাওয়া হয় এবং মতামত নেওয়া হয়। এর পরেই বোর্ডের চেয়ারম্যান এইসব প্রতিষ্ঠানগুলোকে একীভূত করার সিদ্ধান্ত জানান।