রাজধানীর মিরপুরে তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা আবারও সড়কে নেমে বিক্ষোভ শুরু করেছেন। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে শ্রমিকরা মিরপুর-১১ নম্বর মেট্রোস্টেশনের নিচে জড়ো হয়ে প্রতিবাদ করেন।
বিক্ষোভ চলাকালে শ্রমিকরা পুলিশের দিকে ইটপাটকেল নিক্ষেপ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল ব্যবহার করে। দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে এবং পুলিশ কয়েকজনকে লাঠিপেটাও করে।
শ্রমিকেরা সড়কে কাঠের আসবাব জড়ো করে আগুন ধরিয়ে বিক্ষোভ চালিয়ে যান, যা মিরপুর-১১ নম্বর ও আশপাশের এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি করে।
এ ঘটনায় পুলিশ অন্তত ৩ জনকে আটক করেছে। শ্রমিকরা ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে কয়েক দিন ধরে আন্দোলন করে আসছেন।