বোমা হামলার হুমকির পর কড়া নিরাপত্তার মধ্যে ভক্তদের সঙ্গে দেখা করেছেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা অমিতাভ বচ্চন। রোববার (২৫ অক্টোবর) মুম্বাইয়ের জুহুতে তার বাসভবন ‘জলসা’র বাইরে উপস্থিত অসংখ্য ভক্তকে হাত নেড়ে অভিবাদন জানান তিনি।
এ সময় অমিতাভের পাশে ছিলেন তার ছেলে অভিষেক বচ্চন। ভক্তরা পুলিশের ব্যারিকেডের পেছনে দাঁড়িয়ে প্রিয় তারকাকে একনজর দেখতে অপেক্ষা করেন। পুরো সময় জুড়ে বাড়ির চারপাশে কড়া নিরাপত্তা বজায় রাখে পুলিশ।
অমিতাভ বচ্চনের বাসভবন ‘জলসা’কে লক্ষ্য করে একটি বোমা হুমকির ই-মেইল মুম্বাই পুলিশ পেয়েছিল। জানা গেছে, বান্দ্রা-কুরলা কমপ্লেক্স এলাকার একটি স্কুল থেকে ওই হুমকি পাঠানো হয়েছিল। পুলিশ এ বিষয়ে তদন্ত শুরু করেছে।
হুমকির ওই বার্তায় ‘জলসা’ অথবা তার অন্য বাড়ি ‘প্রতীক্ষা’র নাম উল্লেখ করা হয়েছে কিনা, তা জানাতে পারেনি পুলিশ। তারা এই বিষয়ে আরও তথ্যের অপেক্ষায় রয়েছে।
এদিকে, সম্প্রতি নিজের শারীরিক অবস্থার বিষয়ে ভক্তদের খবর দিয়েছেন অমিতাভ। টাম্বলার ব্লগে তিনি জানান, পুরোপুরি সুস্থ হয়ে উঠতে তার আরও বিশ্রামের প্রয়োজন। ব্লগে তিনি লেখেন, 'আরও বিশ্রামের প্রয়োজন।'
অমিতাভ নিয়মিতভাবে ব্লগ ও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভক্তদের সঙ্গে তার ভাবনা ও খবরাখবর ভাগ করেন। চিকিৎসকেরা তাকে অনলাইন কার্যক্রম থেকে কিছুটা বিরতি নেওয়ার পরামর্শ দিয়েছেন। বর্তমানে তিনি জনপ্রিয় টেলিভিশন কুইজ শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’ সঞ্চালনা করছেন।
বড় পর্দায় সর্বশেষ ২০২৪ সালে রজনীকান্ত অভিনীত তামিল সিনেমা ‘ভেট্টাইয়ান’-এ তাকে দেখা গেছে। প্রতি রোববার ‘জলসা’র বাইরে তাকে দেখতে ভিড় করেন ভক্তরা।