পাকিস্তানের করাচি শহর ১৭১ স্কোর নিয়ে বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় শীর্ষে রয়েছে। এ তালিকায় বাংলাদেশের রাজধানী ঢাকা ১৬৬ স্কোর নিয়ে দ্বিতীয় স্থানে অবস্থান করছে, যা বাতাসের মান 'অস্বাস্থ্যকর' হিসেবে চিহ্নিত করা হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বাংলাদেশ সময় বিকেল ৫টায় বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের প্রকাশিত সূচক থেকে এ তথ্য জানা যায়।
তালিকার তৃতীয় স্থানে রয়েছে ভারতের মুম্বাই, যার স্কোরও ১৬৬। চতুর্থ স্থানে মঙ্গোলিয়ার রাজধানী উলানবাটর এবং পঞ্চম স্থানে পাকিস্তানের লাহোর রয়েছে, উভয়ের স্কোর ১৬৫।
আইকিউএয়ার প্রতিষ্ঠানটি শহরের বায়ুর মানের লাইভ সূচক প্রদান করে। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ‘অনেক ভালো’ হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে তা ‘সহনীয়’ ধরা হয়। ১০১ থেকে ১৫০ স্কোর ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত হয়। ১৫১ থেকে ২০০ স্কোর ‘অস্বাস্থ্যকর’ এবং ২০১ থেকে ৩০০ হলে তা ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচিত হয়। স্কোর ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়।