আজ মঙ্গলবার ভোরে লিবিয়ায় সমুদ্রপথে যাওয়া ১৭৪ জন বাংলাদেশি নাগরিককে দেশে ফিরিয়ে আনা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়, তারা বুরাক এয়ারের একটি ফ্লাইটে দেশে ফিরে আসেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এই প্রত্যাবাসন প্রক্রিয়াটি পররাষ্ট্র মন্ত্রণালয়, লিবিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সহযোগিতায় সম্পন্ন হয়েছে।
প্রত্যাবাসিত বাংলাদেশিদের অধিকাংশই মানবপাচারকারীদের প্ররোচনায় অবৈধভাবে ইউরোপে যাওয়ার উদ্দেশ্যে লিবিয়ায় প্রবেশ করেছিলেন এবং সেখানে তারা অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ রয়েছে।
বিমানবন্দরে প্রত্যাবাসিত নাগরিকদের অভ্যর্থনা জানান সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তারা। পররাষ্ট্র মন্ত্রণালয় তাদেরকে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই দুর্বিষহ অভিজ্ঞতা শেয়ার করার জন্য অনুরোধ জানায়।
আন্তর্জাতিক অভিবাসন সংস্থার পক্ষ থেকে প্রত্যাবাসিত প্রত্যেককে পথখরচা, খাদ্য সামগ্রী, প্রাথমিক চিকিৎসা এবং প্রয়োজন হলে অস্থায়ী বাসস্থানের ব্যবস্থা করা হয়।
লিবিয়ায় বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশি নাগরিকদের নিরাপদ প্রত্যাবাসনের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা একযোগে কাজ করে যাচ্ছে।