আজ বৃহস্পতিবার ভোরে সমুদ্রপথে লিবিয়ায় অনুপ্রবেশকারী ১৭২ বাংলাদেশি নাগরিককে দেশে ফিরিয়ে আনা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, লিবিয়ার মিসরাতা থেকে স্থানীয় সময় ভোর ৪টা ৫১ মিনিটে ফ্লাইটে তাদের দেশে ফিরিয়ে আনা হয়। এই প্রক্রিয়ায় বাংলাদেশ দূতাবাস, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, লিবিয়া সরকার এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সহযোগিতা ছিল।
প্রত্যাবাসিতদের অধিকাংশই মানবপাচারকারীদের প্ররোচনায় ইউরোপ গমনের উদ্দেশ্যে লিবিয়ায় অনুপ্রবেশ করেছিলেন। অভিযোগ রয়েছে, তাদের মধ্যে অনেকেই লিবিয়ায় বিভিন্ন সময়ে অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রত্যাবাসিত নাগরিকদের অভ্যর্থনা জানাতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার কর্মকর্তারা বিমানবন্দরে উপস্থিত ছিলেন।
আন্তর্জাতিক অভিবাসন সংস্থা প্রত্যাবাসিত প্রত্যেককে পথখরচা, কিছু খাদ্য সামগ্রী, প্রাথমিক চিকিৎসা এবং প্রয়োজনে অস্থায়ী বাসস্থানের ব্যবস্থা করেছে।
লিবিয়ায় আটক বাংলাদেশি নাগরিকদের নিরাপদ প্রত্যাবাসনের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ দূতাবাস এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা একসাথে কাজ করছে।