বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

ডাবলিন বিমানবন্দরে বৈষম্যের শিকার কুমার সাঙ্গাকারা

ডাবলিন বিমানবন্দরে বৈষম্যমূলক আচরণের শিকার হয়েছেন কুমার সাঙ্গাকারা।

ডাবলিন বিমানবন্দরে বৈষম্যের শিকার কুমার সাঙ্গাকারা

শ্রীলঙ্কার সাবেক ক্রিকেট অধিনায়ক কুমার সাঙ্গাকারা অভিযোগ করেছেন যে, তিনি এবং তার পরিবার আয়ারল্যান্ডের ডাবলিন বিমানবন্দরে বৈষম্যমূলক আচরণের শিকার হয়েছেন।

সাঙ্গাকারা বুধবার (২৮ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্টে আইরিশ বিমান সংস্থা রায়ানএয়ারের গেটকর্মীদের বিরুদ্ধে হুমকিমূলক আচরণের অভিযোগ তুলে হতাশা প্রকাশ করেন। তিনি লেখেন, 'ডাবলিনে রায়ানএয়ারের বৈষম্যমূলক আচরণ করা গেটকর্মীদের অভিজ্ঞতা কি অন্য কারও হয়েছে?'।

তিনি আরও জানান, 'আমার পরিবারের সঙ্গে ছিলাম এবং অভিজ্ঞতাটি ছিল বিস্ময়কর। কথা বলার ধরন, নিয়মকানুন পরিচালনায় অসংগতি এবং হুমকিমূলক আচরণ— কোনো যাত্রীর সঙ্গেই এমন আচরণ গ্রহণযোগ্য নয়।' এই ঘটনার বিস্তারিত তথ্য প্রকাশ করেননি সাঙ্গাকারা।

সাঙ্গাকারার পোস্টের পর, শ্রীলঙ্কার আরেক নাগরিক সঞ্জীবা ভিরাওয়ারানা একই ধরনের অভিজ্ঞতার কথা জানান। তিনি বলেন, 'কুমার, পশ্চিমের প্রতিটি জায়গায় আমি বৈষম্যের শিকার হয়েছি। সেখানে ১৬ বছর বসবাস করেছি এবং পরবর্তী ২৫ বছর যাতায়াত করেছি। এখন আর নয়।'

সাঙ্গাকারা ভিরাওয়ারানাকে জবাব দেন, 'এ ধরনের অভিজ্ঞতার মুখোমুখি হলে সত্যিই তা গভীরভাবে নাড়া দেয়।'

প্রতিবেদন লেখা পর্যন্ত সাঙ্গাকারার অভিযোগের বিষয়ে রায়ানএয়ারের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। উল্লেখ্য, কুমার সাঙ্গাকারা ২০১৫ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন এবং ২০২১ থেকে ২০২৪ সাল পর্যন্ত রাজস্থান রয়্যালসের প্রধান কোচ ছিলেন।

বিজ্ঞাপন