রাজধানী ঢাকায় ব্যাটারিচালিত রিকশার শৃঙ্খলা ফেরাতে নগর প্রশাসন আটটি জোনে ভাগ করার সিদ্ধান্ত নিয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে সিরডাপে ব্র্যাক ও বিআইজিডির আয়োজিত নীতি আলোচনায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান এ তথ্য জানান।
তিনি বলেন, লাখো চালকের জীবিকার কথা বিবেচনায় রেখে রিকশা উচ্ছেদ না করে বুয়েটের নকশায় দেশীয় প্রযুক্তিতে তৈরি ব্যাটারিচালিত ই-রিকশা নামানো হবে। প্রতিটি জোনে আলাদা রঙের নিবন্ধিত ই-রিকশা চলবে সড়কে।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম অনুষ্ঠানে বলেন, অনিয়ন্ত্রিত রিকশা ও হকারের কারণে রাজধানীর স্বাভাবিক গতি ভেঙে পড়েছে। তিনি উল্লেখ করেন, কর্মসংস্থানের দোহাই দিয়ে ঢালাওভাবে রিকশার অনুমোদন দিলে শহর আরও অচল হয়ে পড়বে।