বাংলাদেশের রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভিয়েতনামের প্রতি বাংলাদেশি পণ্য আরও বেশি আমদানি এবং বিনিয়োগের আহ্বান জানিয়েছেন। নবনিযুক্ত ভিয়েতনামের রাষ্ট্রদূত চান থি সুয়ান ওয়ান আজ বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করেন।
রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম জানান, রাষ্ট্রপতি এ সময় ভিয়েতনামের রাষ্ট্রদূতকে অভিনন্দন জানান এবং তার দায়িত্ব পালনে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন। রাষ্ট্রপতি ভিয়েতনামের প্রেসিডেন্ট তো লামকে শুভেচ্ছা পৌঁছাতে রাষ্ট্রদূতকে অনুরোধ করেন।
সাক্ষাৎকালে রাষ্ট্রদূত মিজ চান থি সুয়ান ওয়ান দুই দেশের মধ্যে উচ্চপর্যায়ের সফর বিনিময়ের গুরুত্ব তুলে ধরেন এবং ভিয়েতনাম সফরের জন্য রাষ্ট্রপতিকে আমন্ত্রণ জানান। রাষ্ট্রপতি সুবিধাজনক সময়ে ভিয়েতনাম সফরে সম্মতি প্রকাশ করেন।
রাষ্ট্রপতি বাংলাদেশ থেকে পণ্য রপ্তানির ক্ষেত্রে শুল্ক ও অশুল্ক বাধা দূর করতে ভিয়েতনামের উদ্যোগ নেওয়ার অনুরোধ করেন। তিনি বাংলাদেশ থেকে ওষুধ, চামড়া, সিরামিক, বাইসাইকেল ও বস্ত্র খাতের কাঁচামাল আরও বেশি আমদানির আহ্বান জানান।
রাষ্ট্রপতি ভিয়েতনামের বিনিয়োগকারীদের মোটরসাইকেল সংযোজন, ইলেকট্রনিকস এবং কৃষিভিত্তিক প্রক্রিয়াজাতকরণে বিনিয়োগের আহ্বান জানান। তিনি বাংলাদেশি পর্যটক ও ব্যবসায়ীদের জন্য ভিসা ব্যবস্থা সহজ করতে রাষ্ট্রদূতকে ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেন।
রাষ্ট্রপতি রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে ভিয়েতনামের সহযোগিতা কামনা করেন এবং আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায়ের প্রসঙ্গ উল্লেখ করে ভিয়েতনামের সমর্থন চান। রাষ্ট্রদূত এ বিষয়ে সহযোগিতার আশ্বাস দেন।
সাক্ষাৎকালে আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনার এবং বিশ্বের বৃহত্তম মুক্তবাণিজ্য জোট ‘রিজিওনাল কম্প্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ’-এ (আরসিইপি) বাংলাদেশের অন্তর্ভুক্তির প্রচেষ্টায় রাষ্ট্রপতি ভিয়েতনামের সমর্থন চান।