রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশে আশ্রয় নেওয়া জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগণের নিরাপদ স্বদেশ প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
আজ বুধবার বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের সদস্য ডাচেস অব এডিনবার্গ সোফির সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
রাষ্ট্রপতি বলেন, ডাচেসের সফর রোহিঙ্গা জনগণের জন্য আশার বার্তা নিয়ে এসেছে। তিনি উল্লেখ করেন, ডাচেসের রোহিঙ্গা শিবির পরিদর্শন আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি জানান, দীর্ঘদিন ধরে চলমান রোহিঙ্গা সংকট বাংলাদেশের আর্থসামাজিক ও পরিবেশগত পরিস্থিতির ওপর চাপ সৃষ্টি করছে এবং আঞ্চলিক নিরাপত্তার ক্ষেত্রেও উদ্বেগ তৈরি করছে।
রাষ্ট্রপতি রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের পরিবেশ সৃষ্টির পাশাপাশি নারী ও শিশুদের সুরক্ষা এবং মানবিক সহায়তা অব্যাহত রাখতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সক্রিয় ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
ডাচেস অব এডিনবার্গের সফরের সময় বাংলাদেশের নারীদের উন্নয়ন ও ক্ষমতায়নে অর্জিত অগ্রগতি এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে নারীদের অবদানের প্রশংসা করেন রাষ্ট্রপতি।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতির কার্যালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, ব্রিটিশ হাইকমিশনার এবং ডাচেস অব এডিনবার্গের সফরসঙ্গীগণ উপস্থিত ছিলেন।