বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
ধর্ম

দোহা চলচ্চিত্র উৎসবে ১৭টি প্রতিযোগী সিনেমা

দোহা চলচ্চিত্র উৎসবে ৫ পূর্ণদৈর্ঘ্য ও ১২ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র অংশগ্রহণ করবে।

দোহা চলচ্চিত্র উৎসবে ১৭টি প্রতিযোগী সিনেমা

কাতারের দোহায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘দোহা ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৬’। উৎসবের ‘আজিয়াল ফিল্ম কম্পিটিশন’-এ ৫টি পূর্ণদৈর্ঘ্য ও ১২টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র অংশগ্রহণ করবে।

আগামী ১৯ থেকে ২৭ নভেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া এই উৎসবের আয়োজক দোহা ফিল্ম ইনস্টিটিউট (ডিএফআই)। গত ৮ নভেম্বর এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজিয়াল প্রতিযোগিতার নির্বাচিত চলচ্চিত্রগুলোর নাম ঘোষণা করা হয়।

পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের বিভাগে বিশেষ আকর্ষণ হিসেবে রয়েছে রুয়ান্ডা, গ্যাবন, ফ্রান্স, নরওয়ে ও কাতারের যৌথ প্রযোজনার সিনেমা ‘বেন’ইমানা’। এই ছবিটি ২০২৬ সালের কান চলচ্চিত্র উৎসবে মর্যাদাপূর্ণ ক্যামেরা দ’অর পুরস্কার জিতেছে।

মারী-ক্লেমঁতিন দুসাবেজাম্বো পরিচালিত ছবিটি গণহত্যা থেকে বেঁচে যাওয়া এক নারীর উদ্যোগে ভুক্তভোগী ও অপরাধীদের পরিবারের মধ্যে সংলাপের গল্প তুলে ধরেছে। এ ছাড়া ম্যাক্সেন্স ভোয়াজোর ‘গ্যাবিন’, হিন্দ বেনসারির ‘আউট অব স্কুল’, নায়েল খলেইফি ও লিসা দেবোশের ‘সামার মেডো’ এবং কোহেই কাদোওয়াকির ‘উই আর এলিয়েনস’ ছবিগুলোও রয়েছে।

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের বিভাগে ১২টি সিনেমা প্রতিদ্বন্দ্বিতা করবে। এর মধ্যে চীন ও যুক্তরাজ্যের ‘অ্যাজ আ কিউর’, আলজেরিয়াসহ চার দেশের যৌথ প্রযোজনার ‘বুমেরাং অ্যাটমিক’, দক্ষিণ কোরিয়ার ‘বাউন্ডারিজ’, ফিলিস্তিনের স্মৃতি ও সংঘাত নিয়ে নির্মিত ‘ইন্টারসেক্টিং মেমোরি’ এবং লেবাননের শরণার্থীশিবিরের প্রেক্ষাপটে নির্মিত ‘প্রিজনার অব লাভ’ উল্লেখযোগ্য।

এ ছাড়া আলোচনার জন্ম দিতে পারে ‘টাইফুন মাম্বো’, যেখানে মৃত স্বামীর সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর চ্যাটবটের মাধ্যমে যোগাযোগের গল্প তুলে ধরা হয়েছে। ভারতের প্রণব ভাসিন পরিচালিত ‘উই ওয়্যার হিয়ার’ ছবিটি যন্ত্র মানুষের কাজ কেড়ে নিচ্ছে—এমন আশঙ্কা নিয়ে তিন অবসরপ্রাপ্ত ব্যক্তির উদ্যোগের কাহিনী বলছে।

দোহা ফিল্ম ইনস্টিটিউটের প্রধান নির্বাহী কর্মকর্তা ও উৎসব পরিচালক ফাতমা হাসান আলরেমাইহি বলেন, তরুণেরা আজকের পৃথিবীর গুরুত্বপূর্ণ কণ্ঠস্বর এবং চলচ্চিত্রের মাধ্যমে নিজেদের ভাবনা প্রকাশের সুযোগ পাবে। আজিয়াল ফিল্ম কম্পিটিশনের মূল শক্তি তরুণ বিচারকেরা, যারা চলচ্চিত্রগুলো নিয়ে আলোচনা ও বিশ্লেষণ করবেন।

বিজ্ঞাপন