ইরানের চলচ্চিত্র নির্মাতা জাফর পানাহিকে পাঁচ বছর এক মাসের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। এ ছাড়া, তার স্থাবর-অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ দেওয়া হয়েছে এবং দুই বছরের জন্য বিদেশ ভ্রমণ ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
বার্তা সংস্থা এপির প্রতিবেদনে জানানো হয়েছে, মঙ্গলবার (২৭ অক্টোবর) পানাহির আইনজীবী মোস্তফা নিলি এই তথ্য নিশ্চিত করেছেন। এর আগে, তিনি এক বছরের কারাদণ্ডে দণ্ডিত হন এবং চলতি বছরের মার্চে ইরানে ফেরেন।
৬৬ বছর বয়সী পানাহির অনুপস্থিতিতেই আদালত নতুন এ রায় দেন। তবে নতুন মামলায় তার বিরুদ্ধে কী অভিযোগে শাস্তি দেওয়া হয়েছে, তা এখনও প্রকাশ করা হয়নি।
আন্তর্জাতিক চলচ্চিত্র জগতে জাফর পানাহি একটি পরিচিত নাম। ২০২৫ সালে তার পরিচালিত ‘ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাকসিডেন্ট’ চলচ্চিত্র কান চলচ্চিত্র উৎসবের সর্বোচ্চ পুরস্কার স্বর্ণপাম অর্জন করে।
তবে, তার কর্মজীবনের বেশিরভাগ সময়ই আইনি বাধা ও নিষেধাজ্ঞার মধ্য দিয়ে কেটেছে। ২০১০ সালে তাকে কারাদণ্ডের পাশাপাশি ছবি তৈরি, চিত্রনাট্য লেখা এবং বিদেশে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। ২০২২ সালে আবারও গ্রেফতার হন তিনি এবং প্রায় সাত মাস কারাগারে থাকার পর ২০২৩ সালের ফেব্রুয়ারিতে মুক্তি পান।