সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যার ফলে আগামী বছর বাংলাদেশ থেকে মোট ৮৩ হাজার ৫০০ জন হজ পালনের সুযোগ পাবেন।
স্থানীয় সময় সোমবার সন্ধ্যা ৭টায় জেদ্দায় দুই দেশের মধ্যে এ চুক্তি স্বাক্ষরিত হয়। বাংলাদেশের পক্ষে ধর্ম বিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) এবং সৌদি আরবের পক্ষে হজ ও ওমরাহ মন্ত্রী ড. তৌফিক বিন ফাওজান আল-রাবিয়াহ চুক্তিতে স্বাক্ষর করেন।
চুক্তি অনুযায়ী, বাংলাদেশের বিশেষ অনুরোধের পরিপ্রেক্ষিতে সৌদি কর্তৃপক্ষ অতিরিক্ত ৫ হাজার হজযাত্রীর কোটা বরাদ্দ দেয়। ধর্মমন্ত্রী জানান, এই উদ্যোগের ফলে ২০২৭ সালের জন্য বাংলাদেশের মোট হজ কোটা ৮৩ হাজার ৫০০ জনে উন্নীত হয়েছে।
দ্বিপক্ষীয় বৈঠকে হজ ব্যবস্থাপনার অগ্রগতি এবং কোটা বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। সৌদি আরবের মীনায় তাঁবুর ধারণক্ষমতার সীমাবদ্ধতার বিষয়টি উল্লেখ করা হয়।
সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, অন্য কোনো দেশ তাদের বরাদ্দকৃত কোটা পূরণ করতে না পারলে কিংবা বাতিল হলে সেই অতিরিক্ত কোটা অগ্রাধিকার ভিত্তিতে বাংলাদেশকে দেওয়া হবে।
ধর্মমন্ত্রী সৌদি হজ ও ওমরাহ মন্ত্রীকে বাংলাদেশের প্রতি আন্তরিক সহযোগিতার জন্য ধন্যবাদ জানান এবং বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার হজ ব্যবস্থাপনাকে আরও উন্নত করার জন্য কাজ করছে।
গত বছর বাংলাদেশ থেকে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালন করেন। নতুন চুক্তির ফলে আগামী বছর হজযাত্রীর সংখ্যা আরও বাড়ার সুযোগ তৈরি হয়েছে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে দুই দেশের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাষ্ট্রদূত এবং জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেটের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।