সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
ধর্ম

আজ শ্যামাপূজা ও দীপাবলি উৎসব উদযাপন

আজ শ্যামাপূজা ও দীপাবলি উৎসব উদযাপন করছে হিন্দু ধর্মাবলম্বীরা।

আজ শ্যামাপূজা ও দীপাবলি উৎসব উদযাপন

হিন্দু ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব শ্যামাপূজা বা কালীপূজা ও দীপাবলি আজ উদযাপিত হচ্ছে। প্রতি বছর কার্তিক মাসের অমাবস্যা তিথিতে এই পূজা অনুষ্ঠিত হয়। পঞ্জিকা অনুযায়ী, রোববার (৮ নভেম্বর) দুপুর ১টা ২ মিনিটে অমাবস্যা তিথি শুরু হয় এবং সোমবার সকাল ১১টা ৫৮ মিনিটে এটি শেষ হবে।

কালীপূজা সাধারণত মধ্যরাতে অনুষ্ঠিত হয়। একই তিথিতে অনেকেই লক্ষ্মীপূজাও পালন করেন। পূজার দিন সন্ধ্যায় হিন্দু ধর্মাবলম্বীরা নিজেদের বাড়ি ও শ্মশানে প্রদীপ জ্বালিয়ে প্রয়াত বাবা-মা ও আত্মীয়স্বজনদের স্মরণ করেন।

শক্তি ও শান্তির দেবী শ্যামা মায়ের পূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের ঘরে ঘরে চলছে নানা আয়োজন। উৎসবকে ঘিরে সম্প্রদায়ের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে। বাঙালি সংস্কৃতিতে কালীপূজা ও দীপাবলির বিশেষ গুরুত্ব রয়েছে।

আলোর উৎসব হিসেবে পরিচিত দীপাবলিকে বাংলাদেশের বাঙালি হিন্দুরা ‘দীপাবলি’ এবং অবাঙালি হিন্দুরা ‘দিওয়ালি’ নামে পালন করেন। ধর্মীয় এ উৎসবকে অনেকে ‘দীপান্বিতা কালীপূজা’ও বলে থাকেন।

বাঙালি, অসমীয়া ও ওড়িয়া হিন্দুরা এ তিথিতে কালীপূজা উদযাপন করেন। রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দির, রমনা মন্দির, রামকৃষ্ণ মিশন ও মঠ, সিদ্ধেশ্বরী কালীমন্দির, সবুজবাগ থানাধীন শ্রীশ্রী বরদেশ্বরী কালীমাতা মন্দির, পুরান ঢাকার রাধাগোবিন্দ জিউ ঠাকুর মন্দির, পোস্তগোলা মহাশ্মশান, তাঁতীবাজার, শাঁখারীবাজার ও বাংলাবাজারসহ বিভিন্ন মন্দির ও মণ্ডপে শ্যামাপূজার প্রস্তুতি নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন